রাজধানীর মোহাম্মদপুরে নির্মাণাধীন একটি ভবনে কাজ করতে গিয়ে জাহাঙ্গীর আলম (২৩) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। জাহাঙ্গীর সেখানে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন। রবিবার সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে।
জাহাঙ্গীরকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান শ্রমিক বেলাল হোসেন। তিনি জাহাঙ্গীরের সঙ্গে কাজ করতেন বলে দাবি করে বলেন, রবিবার সকালে তারা নির্মাণাধীন ওই ভবনের সাততলায় ঢালাইয়ের কাজ করছিলেন। এ সময় ঢালাইয়ের কাজে ব্যবহূত কাঠ ঠিক করতে গিয়ে পা পিছলে জাহাঙ্গীর নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বেলা ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তখন জরুরি বিভাগের কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে আসা জাহাঙ্গীরের মামাতো ভাই এলাহির দাবি, জাহাঙ্গীর দিনাজপুর সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষে পড়তেন। তার বাবার নাম আনোয়ার হোসেন। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে তাদের বাড়ি। ১০ দিন আগে জাহাঙ্গীর ঢাকায় এসে নির্মাণ শ্রমিক হিসেবে কাজে যোগ দেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (উপপরিদর্শক) মোজাম্মেল হক বলেন, জাহাঙ্গীরের লাশ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
