খালেদা ও তারেক মুদ্রার এপিঠ ওপিঠ: খাদ্যমন্ত্রী

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৪, ১৯:৫২
 
 
খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, খালেদা জিয়া ও তারেক রহমান মুদ্রার এপিঠ ওপিঠ। তারেক রহমানের মতো এমন অশালীন আচরণ ও মিথ্যাচার অতীতে কোনো রাজনৈতিক নেতা করেনি। তিনি রাজনীতিকে কলুষিত করছেন। এক্ষেত্রে খালেদা জিয়াও কম নন। তার চলনে বলনে কোনো শিষ্টাচার নেই। 
রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বিজয় দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। কৃষকলীগের ঢাকা মহানগর উত্তর শাখার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। 
খাদ্যমন্ত্রী বলেন, বিএনপির আন্দোলন হচ্ছে লাদেনী মার্কা আন্দোলন। অডিও আর ভিডিওতে সীমাবদ্ধ। তাদের আন্দোলনে জনগণ সাড়া দেবে না। আর আন্দোলনের নামে দেশে আবার সন্ত্রাস চালানো হলে তার পরিণতি ভয়াবহ হবে। 
তিনি বলেন, একাত্তরের ঘাতকদের মন্ত্রী করে জিয়া যেভাবে বাংলাদেশের পতাকাকে কলুষিত করেছে, তার মর্মান্তিক মৃত্যুর পর ঠিক একই পথে হাঁটছেন খালেদা জিয়া ও তারেক। মুক্তিযুদ্ধের সময় পাক-হানাদার ও ঘাতক-দালালরা যেভাবে আমাদের মা-বোনদের ইজ্জত লুট করেছিল ও ধর্ষণ করেছিল, ঠিক তেমনিভাবে আজ মুক্তিযুদ্ধের ইতিহাসকে ধর্ষণ করছে তারেক। 
বিএনপির উদ্দেশে কামরুল ইসলাম বলেন, তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার আর কোনো সুযোগ নেই। যে ব্যবস্থা বাতিল হয়েছে, তা আর ফিরে আসবে না। দেশে আর কোনো মধ্যবর্তী নির্বাচন হবে না। ২০১৯ সালে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিন। যেহেতু আপনারা সংসদের প্রতিনিধিত্ব করেন না, সেহেতু আপনাদের সঙ্গে আলোচনা করারও কোনো প্রশ্ন আসে না। 
ঢাকা মহানগর উত্তর কৃষকলীগের সভাপতি মাকছুদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষকলীগের সভাপতি  মোতাহার হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক খন্দকার শামছুল হক রেজা, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান।