রাজধানীর চকবাজার এলাকায় নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল প্রসাধানী উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ভ্রাম্যমাণ আদালত। রবিবার দুপুরে চকবাজার মডেল থানার চকমোঘলটুলি এলাকার ১৩৮ নম্বর খান মার্কেটে অবস্থিত এ নকল পপ্রসাধানী তৈরির এ কারখানায় অভিযান চালায় র্যাব। সেখান থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ বিভিন্ন ধরনের ব্রান্ডের নকল প্রসাধনী। এর মধ্যে রয়েছে নকল পেনটিন, ডাব, হেড এন্ড সোল্ডার, জনসন ও রিজয়েস শ্যাম্পু। এ সময় মার্কেটের মালিকের ছেলেসহ সাতজনকে কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশা জানান, বোতল ও কৌটা, লেভেল ও ট্রেডমার্ক নকল করে কিছু অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন দেশি-বিদেশি নামিদামি ব্রান্ডের প্রসাধানী হুবহু তৈরি করে বাজারজাত করছিল। শীত আসতে না আসতেই রাজধানীতে ছেয়ে গেছে নকল ও ভেজাল প্রসাধনী সামগ্রী।
তিনি জানান, নকল ও ভেজাল পণ্যগুলো দেখে সহজে বোঝার উপায় নেই যে এগুলো নকল। অবৈধ এসব কারখানা থেকে পণ্য এনে ব্যবসায়ীসহ বিভিন্ন হাত ঘুরে নকল প্রসাধনী দেশের বড় সুপার শপ, বিপণি বিতান, শহরতলি ও গ্রামে যাচ্ছে। ছোট ছোট দোকানগুলোতে এসব পণ্য অনেকে নকল মনে করলেও বড় বড় শপিংমলগুলোতে অনায়াসেই নকল পণ্যগুলো কিনে ঠকছেন ক্রেতারা।
র্যাব-১০ এর অভিযান পরিচালনা করেন মেজর মো. সোহেল হাসান। তিনি জানান এ কারখানায় আরো যেসব অসাধু ব্যক্তি এ ধরনের অপতত্পরতা চালাচ্ছেন তাদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। বিএসটিআই এর প্রতিনিধি জনাব মনির হোসেন উপস্থিত ছিলেন।
