বিকল্প নৌপথ না থাকায় সুন্দরবনের শ্যালা নদীতে আবারও নৌ চলাচলের সুযোগ দেয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশন। অবিলম্বে নৌপথ চালু না হলে সারা দেশের শ্রমিকেরা আন্দোলনে যেতে পারে। এতে সারা দেশের জাহাজ চলাচল বন্ধ হয়ে যাবে। রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সাংবাদিক সম্মেলনে এ আহ্বান জানান অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব উদ্দিন আহমেদ।
তিনি বলেন, সুন্দরবনের শ্যালা নদী চ্যানেলের উভয় মুখে প্রায় ২০০ জাহাজ অপেক্ষমাণ। বিকল্প চলাচলের ব্যবস্থা না থাকায় তারা জাহাজগুলো নিয়ে বিপাকে আছেন। জাহাজগুলোয় কর্মরত ব্যক্তিরা খাদ্য, পানিসহ নানা প্রতিকূলতার মধ্যে দিন যাপন করছেন। এ সংকট নিরসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন তিনি।
মাহবুব উদ্দিন আহমেদ আরো বলেন, ‘দুর্ঘটনার কারণে সরকার সুন্দরবনের শ্যালা নদীর রুট বন্ধ করে দিযেছে। কিন্তু আমাদের জন্য বিকল্প কোনো পথ খোলা রাখেনি। আমাদের জাহাজ চলাচলে বিকল্প পথ খুলে দিলে সুন্দরবনের এই রুটটি ব্যবহার করতে চাই না।’
এ সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন কোস্টালশিপ ওনার্স অ্যাসোসিয়েশশন অব বাংলাদেশের চেয়ারম্যান গাজী বেলায়েত হোসেন, কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের সদস্য খুরশিদ আলম, ইকবাল হোসেন, সাঈদ আহমেদ, মো. জাহিদুল ইসলাম, মোহাম্মদ আলী প্রমুখ।
