নাসরীন স্মৃতি পদক পেলেন ৪ নারী

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৪, ২০:৫৯
 
 
 
 
একশনএইড বাংলাদেশ আয়োজিত ‘নাসরীন স্মৃতি পদক’  পেলেন ৪ নারী। দুর্যোগ মোকাবিলায় জরুরি সাড়া প্রদানে সম্মাননা পেয়েছেন আনোয়ারা বেগম এবং সবিতা রানী হাওলাদার। সমাজ পরিবর্তনে নারীর নেতৃত্ব বিকাশে সহায়তায় প্রদানে নারী, এই ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছেন আকলিমা বেগম আঁখি, এবং শ্রমিকের অধিকার আদায়ে নারী ক্যাটাগরিতে রোকেয়া সুলতানা আঞ্জু।
একশনএইড বাংলালদেশের ৩০ বছর পূর্তি উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেয়া হয়। রবিবার বিকালে ঢাকার ছায়ানট অডিটরিয়ামে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন একশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ্ কবির, প্রতিষ্ঠানটির কার্য নির্বাহী পরিষদের সদস্য মনসুর আহমেদ চৌধুরী ও ইউবিকোবের ব্যবস্থাপনা পরিচালক এসএম আকবর।
এ ছাড়া, ‘উন্নয়নে জনকেন্দ্রিক বিকল্পের সুযোগ ও ক্ষেত্র: দারিদ্র্য, অন্যায্যতা ও অধিকার অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে ৩০ বছরের লড়াই’-এর ওপর আলোচনায় একশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ্ কবিরের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন সাংসদ ফজলে হোসেন বাদশা, নারী নেত্রী ও সংসদ সদস্য শিরীন আখতার, বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির জেষ্ঠ সহ-সভাপতি হুমায়ূন রশীদ।
আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন— আচিক-মিছিক সোসাইটির নির্বাহী পরিচালক সুলেখা ম্রং, প্রান্তিক নারী নেত্রী হাওয়া বেগম, কেন্দ্রীয় কৃষী মৈত্রির সভাপতি মুনির আহমেদ এবং ইয়্যূথ একটিভিস্ট নজরুল ইসলাম।
দিনব্যাপী আয়োজনের শেষ পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। ৩০ বছর পূর্তি উপলক্ষে ৩০ মোমবাতি জ্বালিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরু হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানজুড়ে ছিল দলীয় নৃত্য, আবৃত্তি, মূকাভিনয়, দলীয় সঙ্গীত। সাংস্কৃতিক এই অনুষ্ঠারে মূল উপজীব্য ছিল নারীর ক্ষমতায়ন, শিশু অধিকার, বাংলা সংস্কৃতি, অর্থনৈতিক-সামাজিক রাজনৈতিকভাবে এগিয়ে যাওয়া।
বাংলাদেশের নারী আন্দোলনের অন্যতম নেত্রী নাসরীন পারভীন হক স্মরণে ‘নাসরীন স্মৃতি পদক’  দিয়ে আসছে একশনএইড বাংলাদেশ। ২০০৬ সালে থেকে এই পদক দিচ্ছে প্রতিষ্ঠানটি।