ভারতের রাজধানী দিল্লিতে ঘন কুয়াশার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তত ৫টি বিমানের ফ্লাইট বাতিল করা হয়েছে। ৫০টি ট্রেনের শিডিউল পিছিয়েছে। দিল্লির তাপমাত্রা গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন ৪.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। খবর এনডিটিভির।
দিল্লিতে খারাপ আবহাওয়ার কারণে অন্তত ১৬টি বিমানের সময়সূচি পিছিয়ে যায়। এর মধ্যে ৫টি বিমানের ফ্লাইট বাতিল করা হয়। শুধু বিমান নয় ৫০টি ট্রেনের সময়সূচিও পিছিয়েছে। ভারতের আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছিলো, সোমবার আকাশ মেঘলা থাকবে। কুয়াশার অবস্থাও অপরিবর্তিত থাকবে। রবিবার রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ১৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, ভারতের উত্তরাঞ্চলে আরো কয়েকদিন শৈত্য প্রবাহ অব্যাহত থাকবে। এর প্রভাব পড়বে দিল্লিতেও। এদিকে মধ্যপ্রদেশের কিছু অংশ এবং গুজরাটেও শৈত্যপ্রবাহ থাকবে। এসব অঞ্চলে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস থেকে কম থাকার সম্ভাবনা রয়েছে। দিল্লি এবং উত্তর প্রদেশ সপ্তাহজুড়ে কুয়াশার চাদরে ঢেকে থাকার আশংকা রয়েছে।
উত্তর প্রদেশের রাজধানী লক্ষৌতে সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়। উত্তর প্রদেশের কানপুরে ট্রেনের সময়সূচি পরিবর্তিত হওয়ায় বিপাকে পড়ে সেখানকার অফিসগামী মানুষ। ঘন কুয়াশার কারণে পাঞ্জাব এবং হরিয়ানার জনজীবনও বিপর্যস্ত হয়ে পড়ে। শীতে উত্তর প্রদেশে এক জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া দিল্লিতে ঘর গরম রাখার জন্য ঘরের ভেতরে কয়লা জ্বালিয়ে ঘুমানোর সময় দম বন্ধ হয়ে তিন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
