রুবেল হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৪, ১৩:৪২
 
রাজধানীর পুরান ঢাকার জনসন সড়কের শাহ কামাল হোটেলে বিদ্যুৎ মিস্ত্রি রুবলবে খুন ও তার কাটা মাথা নিয়ে চাঁদা দাবির মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক মো. রেজাউল ইসলাম এই রায় ঘোষণা করেন।
আসামিরা হলেন- রুবেল (২৫), রুমান (২৪) ও রনি বিশ্বাস (২৪)।
এসময় আসামিরা আদালতে উপস্থিত ছিল। মৃত্যুদণ্ডের পাশাপাশি তাদের ২৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, ২০১০ সালের ৬ জুন রাতে পুরান ঢাকার হোটেল শাহ কামালের নিচতলায়  রুবেলকে খুন করে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে আসামিরা। পরে তার কাটা মাথা নিয়ে আসামি রোমান পাশের হোটেল মীমে গিয়ে ম্যানেজারের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে তাকে হত্যা মামলায় ফাঁসিয়ে দেয়া হবে বলে হুমকি দেয়া হয়। রোমানকে টাকা দেওয়ার কথা বলে বসিয়ে রেখে পুলিশে খবর দেন হোটেলের ম্যানেজার। পরে পুলিশ এসে তাকে গ্রেফতার করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী রুবেল ও রনিকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় নিহতের বড় ভাই মরণ মিয়া সূত্রাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যার দায় স্বীকার করে আসামিরা আদালতে জবানবন্দি দেয়।