পানামার বিকল্প খাল খনন করছে নিকারাগুয়া

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৪, ১৭:১১
 
আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করতে খাল খননের কাজ শুরু করেছে নিকারাগুয়া। ২৭৮ কিলোমিটার খালটির খনন সম্পন্ন হলে এটি পানামা খালের পর দ্বিতীয় খাল হবে যা দুইটি মহাসাগরকে যুক্ত করে।
খনন কাজে ব্যয় নির্ধারণ করা হয়েছে ৫০ বিলিয়ন ডলার। চীনের নির্মাণ কোম্পানি এইচ.কে.এন.ডি খালটি খননের কাজ পেয়েছে। দি গ্র্যান্ড ক্যানাল অফ নিকারাগুয়া নামের এই খালটি দৈর্ঘ্য, প্রস্থ, গভীরতা সব দিক থেকেই পানামা খালকে ছাড়িয়ে যাবে।
কিন্তু পরিবেশবাদীরা খালটির বিরোধিতায় সরব হয়েছেন। তাদের দাবি খালটি পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। এছাড়াও খালটি কতটা বাস্তবসম্মত ও অর্থনৈতিকভাবে লাভজনক হবে সে ব্যাপারেও বিতর্ক রয়েছে।
নিকারাগুয়া সরকার দাবি করছে, প্রকল্পটি সফল হলে, সমুদ্রপথে বিশ্ব বাণিজ্যের পাঁচ শতাংশ এই খাল দিয়ে পরিবহণ করা হবে যা দেশটির জিডিপি দ্বিগুণ পর্যন্ত বৃদ্ধি করবে। সূত্র: বিবিসি