‘ঠিক সময় চিকিত্সা না দিলে নবজাতক অন্ধ হয়ে যেতে পারে’

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৪, ১৭:৪০
 
 
 
 
 
হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল এবং ইস্পাহানী ইসলামিয়া আই ইন্সটিটিউট এন্ড হসপিটালের যৌথ উদ্যোগে বাংলাদেশে নবজাতকের চক্ষু সমস্যা বিষয়ক এক ওরিয়েন্টেশনে বক্তারা বলেছেন, এটি এমন একটি রোগ যা কিছু কিছু অপরিণত নবজাতক শিশুর রেটিনা এবং এর রক্তনালিকে আক্রান্ত করে। যে সব নবজাতক বিভিন্ন জটিল সমস্যার জন্য নিবিড় পরিচর্যায় চিকিত্সাধীন থাকে, তখনই তাদের এই রোগের লক্ষণ ধরা পড়ে। এ সময় তাদের রক্তনালি অস্বাভাবিকভাবে বাড়তে থাকে। ফলে রেটিনায় রক্তক্ষরণ হয় এবং কোনো কোনো ক্ষেত্রে রেটিনা ছিঁড়ে যেতে পারে। সময়মতো চিকিত্সা না দিলে ৬ মাস বয়সের পূর্বেই শিশুর পুরোপুরি অন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। কাজেই শিশুদের এই রোগের বিষয়ে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধিসহ চিকিত্সকদের আরো দায়িত্বশীল হয়ে শিশুকে অন্ধত্বের হাত থেকে বাঁচাতে হবে।
হলি ফ্যামিলি হাসপাতাল পরিচালক অধ্যাপক ডা. মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক (ডা.) এম এস আকবর এমপি। বিশেষ অতিথি ছিলেন হলি ফ্যামিলি মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান ভূইয়া, ইস্পাহানী ইসলামিয়া আই ইন্সটিটিউট এন্ড হসপিটালের উপদেষ্টা জাহিদা ইস্পাহানী, অরবিস ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর ডা. মুনীর আহমেদ এবং মডারেটর হিসেবে অনুষ্ঠান পরিচালনা করেন অধ্যাপক ডা. ওবায়দুল হক। এ ছাড়া অনুষ্ঠানে খ্যাতিমান চিকিত্সকবৃন্দ উপস্থিত ছিলেন।