‘কাউকে রাজনীতির মাঠ ছেড়ে দেয়া হবে না’

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৪, ১৮:১৮
 
 
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বিএনপির উদ্দেশে বলেছেন, ‘আওয়ামী লীগ কারো হুমকি-ধামকি ভয় করে না। কাউকে রাজনীতির মাঠ ছেড়ে দেয়া হবে না। নির্বাচন চাইলে সংবিধান অনুযায়ী ২০১৯ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। তখন দেখা যাবে নির্বাচনে জনগণ কাকে বেছে নেয়।’
 

মঙ্গলবার চাপাইনবাবগঞ্জের জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মোহাম্মদ নাসিম বলেন, এ দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে। সাংবিধানিক ধারবাহিকতা ও গণতন্ত্র রক্ষার জন্য ৫ জানুয়ারির নির্বাচনের কোনো বিকল্প ছিল না। এ নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি নেত্রীর প্রতি আহবান জানান। কিন্তু সে আহবানে সাড়া না দিয়ে খালেদা জিয়া জ্বালাও-পোড়াও ও হরতালের পথ বেছে নেন। তখন আন্দোলনের নামে তার দলের নেতা-কর্মীরা পেট্রোল ঢেলে বাস পুড়িয়েছে, নিরীহ মানুষ হত্যা করেছে। হাজার হাজার গাছ কেঁটে পরিবেশ নষ্ট করেছে। এখন আবার তিনি আন্দোলনের হুমকি দিচ্ছেন । এ ধরণের হুমকি দিয়ে কোনো লাভ হবে না।’