বিরল বিদেশ সফরে ইরানে গেলেন আসাদ

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৪২

সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো গত সোমবার ইরান সফর করেছেন সিরীয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। সেখানে তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং প্রেসিডেন্ট হাসার রুহানির সঙ্গে বৈঠক করেন।

সিরীয় ও ইরানি সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, গাঢ় রংয়ের স্যুট পরিহিত আসাদ খামেনির সঙ্গে আলিঙ্গন এবং রুহানির সঙ্গে করমর্দন করেন, তারা উভয়েই ছিলেন হাস্যরত। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে আসাদ ও খামেনির বৈঠকের ফুটেজ দেখানো হয় এবং বলা হয়, এই দুই নেতা ‘দুইটি বন্ধুত্বপূর্ণ দেশের স্বার্থের জন্য সব মাত্রার সহযোগিতা বজায় রাখতে’ সম্মত। সংবাদমাধ্যমটি আরো বলে, ‘যুদ্ধের সময় তারা সিরিয়াকে যা দিয়েছে, এ জন্য ইসলামি প্রজাতন্ত্রের নেতৃবৃন্দ এবং জনগণকে ধন্যবাদ জানান আসাদ’।

সিরীয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদ প্রায় আট বছর আগে ইরান সফর করেছিলেন। ২০১১ সালের মার্চে সরকারবিরোধী বিক্ষোভ থেকে ছড়িয়ে পড়া যুদ্ধের পর তিনি মাত্র দুইবার দেশের বাইরে যান। দুইবারই তিনি রাশিয়া সফরে গিয়েছিলেন।

সিরিয়ায় চলমান সংঘাতে আসাদের ঘনিষ্ঠ মিত্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ইরান। তেহরান গত কয়েক বছরে সিরীয় সরকারকে কয়েক বিলিয়ন ডলার সহায়তা দিয়েছে। ইরান সমর্থিত যোদ্ধারা সিরিয়ায় গিয়ে সিরীয় বাহিনীর পাশাপাশি লড়াই করেছে, যা আসাদের পক্ষে যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে সহযোগিতা করে।