শিশু যৌন নিপীড়নে দোষী সাব্যস্ত পোপের সহযোগী

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৪৩

পোপ ফ্রান্সিসের আহবানে ভ্যাটিকানে যৌন নিপীড়নের বিরুদ্ধে চারদিনের সম্মেলন শেষ হতে না হতেই তার এক সাবেক সহযোগী শিশু যৌন নিপীড়নে দোষী সাব্যস্ত হয়েছেন। পাঁচ মামলায় দোষী সাব্যস্ত হওয়া জর্জ পেলের সাজা ঘোষণার কথা রয়েছে আজ বুধবার। তিনি ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিসের সাবেক শীর্ষ উপদেষ্টা।

অস্ট্রেলিয়ার আদালতে জর্জ পেলের বিরুদ্ধে আনা শিশু যৌন নিপীড়নের অভিযোগ নিয়ে গত পাঁচ সপ্তাহ ধরে শুনানি অনুষ্ঠিত হয়েছে। শুনানি শেষে মঙ্গলবার আদালত তাকে দোষী সাব্যস্ত করেন। অস্ট্রেলিয়ার ক্যাথলিকদের সর্বোচ্চ ধর্মগুরু হিসেবে দায়িত্ব পালন করছেন জর্জ পেল। তার বিরুদ্ধে শিশু-কিশোরদের যৌন নিপীড়নের অভিযোগ  নতুন নয়। আগেও তিনি এ ধরনের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন। প্রায় ২২ বছর আগে মেলবোর্নে একটি গির্জার ভেতরে ১৩ বছরের দুই শিশুর ওপর যৌন নির্যাতনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ১৯৯৬ সালে তার শিকারে পরিণত হওয়া শিশুদের একজন ২০১৪ সালে মারা যায়। তবে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন জর্জ পেল।

এদিকে, ভ্যাটিকান কর্তৃপক্ষ জানিয়েছে, তারা শিশুসহ অরক্ষিত প্রাপ্তবয়স্কদের সুরক্ষা দিতে আইন চালু করবে। সেই সঙ্গে বিশ্বব্যাপী বিশপদেরকে তাদের দায়িত্ব সম্পর্কে পরিষ্কার ধারণা দিতে একটি ‘গাইডবুকও’ ইস্যু করবে। তাছাড়া, বিশ্বজুড়ে অনভিজ্ঞ বিশপদেরকে যৌন নিপীড়নের ঘটনা সামাল দিতে সহায়তা করার জন্য বিশেষজ্ঞ টিম গঠন করে বিভিন্ন দেশে পাঠানো হবে।

গির্জার যাজকদের বিরুদ্ধে বিশেষত শিশুদের যৌন হেনস্থার ঘটনা তুলে এনে তা রোধের পথ খোঁজার উদ্দেশ্য নিয়ে গত বৃহস্পতিবার ওই নজিরবিহীন ‘প্রোটেকশন অব মাইনরস ইন দ্য চার্চ’ শীর্ষক সম্মেলন ডাকেন পোপ ফ্রান্সিস। সম্মেলন শেষে বক্তব্যে শিশুদের বিরুদ্ধে যৌন নিপীড়নের জন্য দোষী সাব্যস্ত হওয়া যাজকদের শয়তানের দোসর আখ্যা দেন তিনি। তাদের মামলাগুলোকে গুরুত্বের সঙ্গে নেয়া হবে বলেও পোপ অঙ্গীকার করেন।