ইভিএমে কারচুপি করে লোকসভা ভোটে রাজ্যে বিজেপি ২২-২৩টি আসন পেতে চাইছে বলে তৃণমূলের কর্মীয় সভায় আশঙ্কা প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্যে ৪২টি লোকসভা আসনের ৪২টিতেই জয়ের ডাক দিয়ে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উল্টোদিকে বিজেপিও এ রাজ্যে দলের লক্ষ্য হিসেবে বারবারই ২২-২৩টি আসনের কথা বলেছে। এদিনই এবিপি নিউজ-এ বাংলায় রাজনৈতিক পরিবর্তন হবে বলে দাবি করে বিজেপি সভাপতি অমিত শাহ রাজ্যে বিজেপির লক্ষ্য হিসেবে ২৩টি আসনের কথা বলেছেন। এই অবস্থায় মমতার এ দিনের বক্তব্যকে রাজনৈতিক পর্যবেক্ষকরাও তাত্পর্যপূর্ণ বলে মনে করছেন। নজরুল মঞ্চে অনুষ্ঠিত এই সভায় মমতা বলেন, ‘ইভিএমে কারচুপি করবে। বাংলায় এটা করার চেষ্টা চলছে। তাই বলছে, ২৩-২৪টা আসন পাবে।’ তবে এসব ঠেকাতে তৃণমূল যে সতর্ক তা বুঝিয়েই তিনি বলেন, ‘ভাল করে করাব।’ কারচুপির এই অভিযোগ মানতে চাননি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘ভোটে কারচুপির অভ্যাস আছে ওর-ই। তাই উনি এই ভয় পাচ্ছেন।’
ইভিএম নিয়ে এই আশঙ্কার কথা জানিয়ে এদিন দলের তরফে সতর্কতার কথাও উল্লেখ করেন তৃণমূলনেত্রী। দলের নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘যারা ইভিএম এবং ভি-প্যাড সম্পর্কে জানেন, তাদেরই দলের তরফে বুথে পাঠাবেন।’ আর যারা জানেন না, তাদের জন্য তিনি আলাদা প্রশিক্ষণের দায়িত্ব দিয়েছেন সৌগত রায়, দীনেশ ত্রিবেদী ও পার্থ চট্টোপাধ্যায়কে। দলের নিচের তলার নেতা-কর্মীদের এ ব্যাপারে প্রশিক্ষণ দেবেন তারা। দলনেত্রীর এই বক্তব্যের পরে কিছুটা গুঞ্জন শুরু হয়েছে তৃণমূলের অন্দরেও। তৃণমূলের এক শীর্ষনেতা অবশ্য বলেন, ‘রাজ্যে ৪২টি আসন পাওয়া নিয়ে দলের কোনো স্তরেই কোনো সংশয় নেই। ইভিএম নিয়ে বিজেপি যে অপচেষ্টা করতে পারে, নেত্রী সে সম্পর্কে সকলকে সতর্ক করে দিয়েছেন।’ এদিনও নিজের লক্ষ্য জানিয়ে তৃণমূলনেত্রী বলেন, ‘৪২টি আসনের ৪২টি জয়ের বিষয়টি কথার কথা নয়। সে জন্য পরিকল্পনা করে এগোতে হবে।’— আনন্দবাজার পত্রিকা
