জেএমবির গায়েবে এহসারের দুই সদস্য আটক

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৪, ১৯:৩৫
 
 
জেএমবির গায়েবে এহসারের দুই জঙ্গি সদস্যকে আটক করেছে ডিএমপির গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ। গ্রেফতারকৃতরা হলেনÑ মো. সাইদুর রহমান (৪৮) ও  মো. আবুল সালেক (২৫)। তাদের হেফাজতে থাকা বোমা তৈরির ম্যানুয়াল উদ্ধার করা হয়।
 
মঙ্গলবার রাত দেড়টার দিকে ধানমন্ডি থানাধীন সাত মসজিদ রোড এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। তবে বুধবার বিষয়টি প্রকাশ করে ডিএমপি। ডিএমপি মিডিয়া সেল সূত্রে জানা যায়, ভারতের বর্ধমানের খাগড়াঘরে বিস্ফোরণের ঘটনার পর আন্তঃদেশীয় জঙ্গির খোঁজে বাংলাদেশ এবং ভারতে গোয়েন্দা সংস্থার পারস্পরিক তথ্য আদান-প্রদানের ভিত্তিতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় তাদের গ্রেফতার করা হয়।
 
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত সাইদুর জানান, তিনি জেএমবির গায়েবে এহসার সদস্য এবং ২০০১ সাল থেকে সংগঠনের কাজকর্মের সাথে ওতপ্রোতভাবে জড়িত। বর্ধমান ঘটনার সাথে জড়িতদের ভারতে যেতে সহায়তাসহ বিভিন্ন সময় দুই দেশের জঙ্গি নেটওয়ার্ক এর লিয়াঁজো হিসেবে কাজ করতেন। আরেক সদস্য সালেক জঙ্গি সদস্যদের স্ত্রী সন্তানদের পারাপারে সহায়তা করতেন এবং বর্ধমান ঘটনায় জড়িত পলাতক জঙ্গি তরিকুল ইসলাম সুমন এর ছোট ভাই। এ বিষয়ে ধানমন্ডি থানায় মামলা দায়ের করা হয়েছে।
 
সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. রহমত উল্লাহ চৌধুরীর নেতৃত্বে বোম ডিসপোজাল  ইউনিট অভিযানটি পরিচালনা করে।