ভারতে অবস্থানরত বাংলাদেশিদের অবশ্যই দেশ ছেড়ে যেতে হবে নয়তো ধর্মান্তরিত হয়ে হিন্দু হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বজরং দল। দেশটির সরকারি পরিসংখ্যান অনুযায়ী ভারতে প্রায় ৩ কোটি বাংলাদেশি রয়েছে।
মঙ্গলবার উত্তর প্রদেশের মিরাটের বজরং দলের আহবায়ক বলরাজ দুঙ্গার এ হুমকি দেন। ভারতের প্রভাবশালী পত্রিকা টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। গত লোকসভা নির্বাচনের আগে ভারতে অবৈধ বাংলাদেশিদের নিয়ে ফেরত পাঠানোর বিষয়টি অন্যতম আলোচনার ইস্যু হয়।
বলরাজ দুঙ্গার বলেন, বাংলাদেশিরা ভারতের সম্পদের অপব্যবহার করছে। তাই আমাদের প্রথম দাবি তাদেরকে অবশ্যই ভারত ছাড়তে হবে। যদি তারা ভারতে থাকতে চায় তাহলে অবশ্যই ধর্মান্তরিত হয়ে হিন্দু হতে হবে এবং আমাদের জীবনধারার সঙ্গে মিশে যেতে হবে।
উত্তর প্রদেশে ‘ঘর ওয়াপসি’র সাম্প্রতিক ঘটনায় মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, ইউপিএ সরকারের সময়েও ‘ঘর ওয়াপসি’ প্রচারণা চালিয়েছি। এটা একটি চলমান প্রক্রিয়া। বাংলাদেশিরা ভারতে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছিল। বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ৪৩ বছর পরও তারা এখানে অবস্থান করছে। এখন তাদের ফিরে যাওয়া দরকার। আর ধর্মান্তরিত হলেই তারা বৈধতা পেয়ে যাবে না। তাদেরকে অন্ততপক্ষে আমাদের শক্তির সঙ্গে যুক্ত হতে হবে। তবে বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) সাংগঠনিক সম্পাদক সুদর্শন চক্র বজরং দলের নেতার বক্তব্যের সঙ্গে একমত নন।
চক্র বলেন, আমাদের সংগঠনের এজেন্ডায় বাংলাদেশিদের কোন ছাড় দেয়ার কথা বলা হয়নি। সরকারি পরিসংখ্যান অনুযায়ী ভারতে প্রায় ৩ কোটি বাংলাদেশি রয়েছে। তাদেরকে অবশ্যই ভারত ছাড়তে হবে। তাদের ধর্মান্তরিত হয়ে হিন্দু হওয়ার কোন প্রশ্নই আসতে পারে না। বরং তারা ভারতে অবস্থান করায় বেকারত্ব ও অপরাধ বেড়েছে। তারা জাতীয় স্বার্থ বিরোধী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। এর পরও অতীতে বিভিন্ন সরকারের সময়ে তারা সুবিধা ভোগ করেছে। তাদের অনেকের রেশন কার্ড, ভোটার আইডি রয়েছে। এসব কোন কিছুই তাদের ভারতে অবস্থান করার বৈধতা দিতে পারে না। তাদেরকে অবশ্যই চলে যেতে হবে।
প্রতিবেদনে বলা হয়, ভারতে অবস্থানরত বাংলাদেশির সংখ্যা নিয়ে বিভিন্ন রকম হিসাব আছে। ২০০১ সালের আদম শুমারিতে বলা হয়েছিলো, ৩০ লাখ বাংলাদেশি আছে। ২০১২ সালে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মুল্লাপাল্লি রামাচন্দ্রন বলেছিলেন, শুধু এক দশকে ১৪ লাখ বাংলাদেশি ভারতে প্রবেশ করেছে। আর ২০০৭ সালে কেন্দ্রীয় সরকারের এক হিসাবে বলা হয়, ভারতে অবৈধভাবে বসবাস করছে প্রায় ২ কোটি বাংলাদেশি।
