চাঁদনীচক মার্কেটে পুলিশ-হকার ধাওয়া-পাল্টা ধাওয়া

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৪, ২১:৫২
 
 
 
রাজধানীর নিউমার্কেট থানা এলাকায় বুধবার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযানকালে হকারদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে হকার, পথচারী, ক্রেতা ও পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষের কারণে এই এলাকায় যানজটের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন চাঁদনীচক মার্কেটের সামনে উচ্ছেদ অভিযান চালাতে যায়। এতে বাধা দেন হকাররা। তাদের দাবি, সিটি করপোরেশন কোনো প্রকার নোটিস না দিয়ে উচ্ছেদ অভিযান চালাতে এসেছে। কিন্তু এমন অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে সিটি করপোরেশন ও পুলিশ। উচ্ছেদের আগে নোটিশ দিয়ে মাইকিং করা হয়েছে বলেও দাবি করেছে সিটি করপোরেশন। বাঁধার মুখেই উচ্ছেদ অভিযান চালাতে গেলে হকারদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে ৮ থেকে ১০ জন আহত হন। এমন ঘটনায় পুরো এলাকার দোকানপাট বন্ধ হয়ে যায়। প্রায় একঘণ্টা ধরে আশপাশের রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়। দুপুর ৩টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।