ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, রক্তের বিনিময়ে স্বাধীনতা এনেছি, ক্ষমতায় এসেছি। আর এই স্বাধীনতার মাসে রক্তের বিনিময়ে স্বাধীনতাবিরোধীদের সমুচিত জবাব দিতে চাই। বৃহস্পতিবার বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খবর: বাসসের।
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, সময় এসেছে নৈরাজ্য সৃষ্টিকারীদের জবাব দেয়ার। আর চুপ করে বসে থাকলে হবে না। স্বাধীনতাবিরোধীদের কতটুকু জোর-ক্ষমতা আমরা দেখতে চাই। তাদের সকল নৈরাজ্যের জবাব দিতে হবে।
বিএনপিকে উদ্দেশ্য করে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমরা বলি, ৫ জানুয়ারি গণতন্ত্র রক্ষা দিবস। আর তারা নাকি ঐদিন ঢাকা শহর দখল করবে। পরিষ্কার ঘোষণা দিতে চাই, এই ঢাকা মুক্তিযোদ্ধা ও শান্তিকামী মানুষের শহর। আল-বদর আর রাজাকারদের বাংলাদেশে জায়গা নাই। যারা এদের রক্ষা করে (বিএনপি), তাদের ঢাকা শহরে দাঁড়াতে দেওয়া হবে না। ঢাকা শহর থাকবে শেখ হাসিনার কর্মীদের দখলে।
তিনি বলেন, শেখ হাসিনাকে হত্যা করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। একবার নয়, দুই বার নয়, বারবার শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করেছে বিএনপি। এখনও ষড়যন্ত্র চলছে। তাদের এই ষড়যন্ত্রের সমুচিত জবাব দিতে হবে।
মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, খালেদা জিয়া তার ছেলেকে বাধা না দিয়ে উস্কানি দিচ্ছেন। তিনি বাহবা দিয়ে আরো উচ্চকণ্ঠে মিথ্যাচার করছেন। এই ষড়যন্ত্রের জন্য মা-ছেলে দুজনই দায়ী।
বঙ্গবন্ধুকে নিয়ে তারেক রহমানের বক্তব্যের প্রতিবাদের ‘জয়বাংলা মুক্তিযোদ্ধা লীগ’ এই আলোচনা সভার আয়োজন করে।
