হোটেলে পুলিশের সাবেক সদস্যের মৃত্যু

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৪, ১৮:৩৫
 
রাজধানীর কমলাপুরের ইনফাস হোটেলে  বৃহস্পতিবার দুপুরে অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যের রহস্যজনক মৃত্যু হয়েছে। তার নাম জয়নাল আবেদীন (৬০)।
পুলিশ খবর পেয়ে তার লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের বাড়ি চট্টগ্রামের মিরশরাইয় উপজেলায়। তিনি পুলিশের নায়েক ছিলেন। বেশ কয়েকবছর আগে চাকরি থেকে নিজেই অব্যাহতি নেন। তার বাবা কয়লার ব্যবসা করতেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্র জানায়, বিকাল তিনটার দিকে আনোয়ার হোসেন নামে এক ব্যক্তি জয়নাল আবেদীনকে হাসপাতালে নিয়ে আসেন। সেসময় কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে আনোয়ার হোসেন জানান, দুপুরে তাকে ফোন দিয়ে হোটেলে নেয় জয়নাল আবেদীন। এরপর দুইজনে একসঙ্গে দুপুরের খাবার খায়। খাবার খেয়ে তিনি হোটেলের বাথরুমে যান। এসময় জয়নাল আবেদীন বাথরুমে পা পিছলে পড়েন। ওই অবস্থায় তাকে সেখান থেকে উদ্ধার করে প্রথমে শাহজাহানপুরের ইসলামিয়া হাসপাতালে নেয়া হয়। এরপর ইসালামিয়া হাসপাতালের চিকিত্সকরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। এখানে নিয়ে আসলে উপস্থিত চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, ওই হোটেলে জয়নাল আবেদীন চারদিন ধরে ছিলেন।
এদিকে নিহত জয়নাল আবেদীনের মেঝো ছেলে জহিরুল ইসলাম রাসেল জানান, তার বাবা দুই সপ্তাহ আগে ঢাকায় আসেন। ঢাকায় কিভাবে তার মৃত্যু হয়েছে তা তিনি জানেন না। আনোয়ার হোসেনকেও তিনি ভালো করে চিনেন না।