যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশের প্রাচীনতম পত্রিকা দৈনিক ইত্তেফাকের ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রবাসীরা দৈনিক ইত্তেফাকের খবরকে আস্থা এবং বিশ্বাসের প্রতীক বলে অভিহিত করেছেন। পাশাপাশি গণমানুষের মূখপত্র হিসাবে ইত্তেফাক প্রজন্ম থেকে প্রজন্ম এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তারা।
স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসের ৩৫ এভিনিউর মীনাবাজার মিলনায়তনে আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব আয়োজিত অনুষ্ঠানে নিউইয়র্কে কর্মরত সাংবাদিকরা ছাড়াও বিভিন্ন শ্রেণীপেশার প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে সবাইকে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এটিএন বাংলা ইউএসএ’র বার্তা সম্পাদক দর্পণ কবীর এবং কার্যকরী সদস্য ও দৈনিক ইত্তেফাকের যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি শহীদুল ইসলাম।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, সাবেক সভাপতি ও এখনসময় সম্পাদক কাজী শামসুল হক, যুগ্ম সম্পাদক ও সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ, বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান, বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম প্রমূখ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক আজকের পত্রিকার বিশেষ প্রতিনিধি ও যুক্তরাষ্ট্র ব্যুরো প্রধান ফরিদ আলম, একুশে টিভির যুগ্ম বার্তা সম্পাদক লুত্ফা শাহানা, আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ রিজু মোহাম্মদ, সদস্য সাজ্জাদ হোসাইন, শামছুল আলম লিটন প্রমূখ।
দৈনিক ইত্তেফাকের ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে অনুষ্ঠানে উপস্থিত হয়ে শুভেচ্ছা জানান জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশনের (জেবিবিএ) সাধারণ সম্পাদক আবুল ফজল দিদারুল ইসলাম, নবাবগঞ্জ এসোসিয়েশনের সভাপতি মো. গিয়াস উদ্দিন, বাংলাদেশ আমেরিকান কার ও লিমোজিন এসোসিয়েশনের সভাপতি নওশাদ হোসেন, বাংলাদেশ সোসাইটির বিদায়ী সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাদী মিন্টু, বিশিষ্ট ব্যবসায়ী নাজিরুল ইসলাম, সুমন চৌধুরী, এনায়েত হোসেন, মাসুম বেপারী প্রমূখ।
অনুষ্ঠানের শেষ পর্বে তরুণ প্রজন্মের প্রতিনিধি সিফাত আনান ইত্তেফাকের ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।
