কলেজ অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদ

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৫৮

নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. আনোয়ারুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ এবং দ্রুত বিচারের দাবিতে গতকাল মঙ্গলবার মানববন্ধন করে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের ইউনিটের শিক্ষকরা। সমিতির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সরকারি মহিলা কলেজ ইউনিটের সম্পাদক আরিফুর রহমান,  কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মো. সাইফুল ইসলাম, উদ্ভিদ বিদ্যা সহকারি অধ্যাপক মো. আকতারুজ্জামান, পদার্থ বিজ্ঞানের প্রভাষক মো. আতিকুল ইসলাম প্রমুখ।

শ্রীবরদী (শেরপুর) সংবাদদাতা জানান, বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিসিএস সাধারণ শিক্ষা সমিতি শ্রীবরদী সরকারি কলেজ ইউনিটের আয়োজনে কর্মসূচি পালিত হয়। এসময় বক্তব্য রাখেন শ্রীবরদী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও বিসিএস সাধারণ শিক্ষা সমিতি শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক প্রফেসর একেএম আলিফ উল্লাহ আহসান।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, শিক্ষক পরিষদের সম্পাদক ও বিসিএস সাধারণ শিক্ষা সমিতি শেরপুর জেলা ইউনিটের যুগ্ম সম্পাদক ও ওই কলেজের সহকারী অধ্যাপক মাসুদুজ্জামান, বিসিএস সাধারণ শিক্ষা সমিতি শ্রীবরদী সরকারি কলেজ ইউনিটের সাধারণ সম্পাদক কাজী হাসানুজ্জামান, যুগ্ম সম্পাদক নাজমুল আলম সিদ্দিকী প্রমুখ। এসময় কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।