উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে বেলকুচিতে দিনভর প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। প্রতীক পাওয়ার পর থেকে প্রার্থীদের চোখে আর ঘুম নেই। তাদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে গ্রাম জনপদ। ভোটারদের দ্বারে-দ্বারে গিয়ে ভোট প্রার্থনার পাশাপাশি নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা।
এবারে বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন চারজন। তারা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মাদ আলী আকন্দ (প্রতীক নৌকা), আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র হয়ে নির্বাচন করছেন নুরুল ইসলাম সাজেদুল (প্রতীক দোয়াত-কলম), মীর সেরাজুল ইসলাম (প্রতীক আনারস) এবং আনোয়ারা হোসেন (প্রতীক মোটরসাইকেল)।
ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন মোট ছয়জন প্রার্থী। তারা হলেন উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ আলী শেখ (প্রতীক উড়োজাহাজ), উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক সরকার (প্রতীক টিয়াপাখি), ধুকুরিয়াবেড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ পিয়ার হোসেন (প্রতীক টিউবওয়েল), সাবেক ছাত্রলীগ নেতা আলমাছ আলী (প্রতীক চশমা), উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক (প্রতীক বই) ও উপজেলা আওয়ামী লীগ নেতা আতাউর রহমান (প্রতীক তালা)।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন চারজন প্রার্থী। তারা হলেন বেলকুচি উপজেলা মহিলা আওয়ামী লীগ সদস্য নার্গিস খাতুন (প্রতীক কলস), বেলকুচি উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী নার্গিস বেগম ঊষা (প্রতীক প্রজাপতি), আওয়ামী লীগ সমর্থক রত্না বেগম (প্রতীক ফুটবল), বর্তমান ভাইস চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুলতানা রাজিয়া মিলন (প্রতীক হাঁস)।
বেলকুচি উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার জয়দা খাতুন জানান, আমরা নির্বাচনের জন্য প্রস্তুত আছি। আর এর জন্য সকল প্রকার প্রস্তুতি নিচ্ছি।
