পাকিস্তানের লাল মসজিদের ইমামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে দেশটির একটি আদালত। সুশীল সমাজের প্রতিনিধিদের দায়ের করা মামলায় তার বিরুদ্ধে জামিন অযোগ্য ৫০৬(২) ধারায় তদন্ত প্রতিবেদন দাখিল করেছে পুলিশ। জনমনে ভীতি সঞ্চারের অভিযোগে তার বিরুদ্ধে মামলাটি করা হয়েছিল।
পেশোয়ারে নিহত স্কুল ছাত্রদের 'শহীদ' না বলা ও হামলাকারীদের নিন্দা না জানানোয় লাল মসজিদের সামনে বিক্ষোভ করেন নাগরিক সমাজের সদস্যরা। এক পর্যায়ে মসজিদটির মুখপাত্র বিক্ষোভকারীদের হুমকি দিয়ে বলেন, ইমাম মওলানা আব্দুল আজিজ স্কুল ছাত্র হত্যার নিন্দা জানাবেন না এবং বিক্ষোভ সহ্য করা হবে না। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বিক্ষোভকারীদের মসজিদের সামনে থেকে সরিয়ে দেয় পুলিশ।
গ্রেফতারি পরোয়ানার প্রতিক্রিয়া জানিয়ে লাল মসজিদের মুখপাত্র বলেছেন, ইমামকে গ্রেফতারের চেষ্টা করা হলে তা প্রতিহত করা হবে। তিনি আরো বলেন, রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হলেও তাদেরকে গ্রেফতার করা হয় না, সুতরাং মওলানা আজিজকেও গ্রেফতার করতে দেয়া হবে না।
বিক্ষোভের আয়োজক জিবরান নাসির দাবি করেছেন যে, মামলা করার পর থেকেই তার কাছে তেহরিক-ই-তালেবান পরিচয়ে ফোন করে হত্যার হুমকি দেয়া হয়েছে। সূত্র: ডন
