তালমা ইউপি নির্বাচন

আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ২২:০০

ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী দেলোয়ারা বেগমের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন স্বতন্ত্র প্রার্থীর পরিবার।

মঙ্গলবার ফরিদপুর প্রেসক্লাবের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন স্বতন্ত্র প্রার্থী মো. ফিরোজ খানের মেয়ে ফারজানা খান রিনি।

লিখিত বক্তব্যে তিনি জানান, তারা কোনোভাবেই নির্বাচনী প্রচার-প্রচারণা করতে পারেননি। কর্মীদের ওপর হামলা করা হয়েছে, আহত করা হয়েছে। মাইক ভাঙচুর করা হয়েছে। তাদের বেশ কয়েকজন সমর্থক আহত হয়ে হাসপাতালে চিকিত্সা নিয়েছে।

তিনি বলেন, নির্বাচনের দুই দিন বাকি। এখন নৌকা প্রতীকের লোকজন আমাদের কর্মী-সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে। ভোট কেন্দ্রে যেতে নিষেধ করছে। আমাদের নেতা-কর্মীরা ভীত সন্ত্রস্ত। তারা সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কিত। সংবাদ সম্মেলনে তালমা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুন্সী মজিবর রহমান, ঢাকা মহানগর উত্তর যুবলীগের ক্রীড়া সম্পাদক মো. সেলিম মৃধা প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, আগামী ২৮ ফেব্রুয়ারি এই ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন প্রয়াত চেয়ারম্যানের স্ত্রী দেলোয়ারা বেগম এবং স্বতন্ত্র হিসেবে আনারস প্রতীকে লড়ছেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. ফিরোজ খাঁ।