রানা প্লাজার বশির নামছেন জিহাদকে তুলতে

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৪, ০০:৩০

রাজধানীর শাহজাহানপুরের রেলওয়ে কলোনি মাঠের পাশে একটি পরিত্যক্ত গভীর নলকূপের পাইপে আটকা পড়া চার বছর বয়সী শিশু জিহাদকে উদ্ধারে চলছে রূদ্ধশ্বাস অভিযান। পাঁচবার বিভিন্ন কায়দায় দড়ি ফেলেও ১৪ ইঞ্চি ব্যাসের ওই পাইপ থেকে শিশুটিকে উদ্ধার করা সম্ভব না হয়নি।

নলকূপের ভেতরে থাকা তিন ইঞ্চি ব্যাসের সাড়ে তিনশ ফুট দীর্ঘ একটি পাইপ ক্রেইন দিয়ে টেনে তুলে জায়গা করা হয়েছে। শিশুটিকে উদ্ধারের জন্য এখন সেখানে ক্যামেরা ও আলোসহ বশির আহমেদ নামের এক স্বেচ্ছাসেবীকে নামানোর চেষ্টা করা হচ্ছে। এ উদ্ধার অভিযানের নেতৃত্ব দিচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা মেজর শাকিল নেওয়াজ। ফায়ার সার্ভিসের স্বেচ্ছাসেবী বশির এর আগে রানা প্লাজার উদ্ধার অভিযানেও অংশ নিয়েছিলেন।
উল্লেখ্য, সন্ধ্যার পরও উদ্ধারকর্মীরা ওপর থেকে কয়েক বার চিৎকার করে ডেকে জিহাদের সাড়া পেয়েছেন। সে সময় দড়িতে বেঁধে তার জন্য দুধের বোতলও পাঠানো হয়। শিশুটিকে বাঁচিয়ে রাখতে সিলিন্ডার থেকে গর্তে অক্সিজেন পাঠানো হচ্ছে । কিন্তু দীর্ঘ সময়ে ঠাণ্ডার মধ্যে গভীর পাইপে থেকে স্বাভাবিকভাবেই শিশুটি নিস্তেজ হয়ে এসেছে বলে উদ্ধারকর্মীরা মনে করছেন।