সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বর্তমান সরকার দেশকে ডিজিটাল করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সারাদেশে সর্বক্ষেত্রে ব্যাপক উন্নতি হয়েছে। শুক্রবার সকালে ঠাকুরগাঁওয়ে তিনদিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বিএনপিকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, এ দেশে আন্দোলন কখনোই সফল হবে না। তাদের কখনো আন্দোলন হয় না। তারা কোন বছর আন্দোলন করবে এটাই ঠিক নেই। সরকার বিরোধী আন্দোলনে বিগত দিনের নাশকতার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, “নতুন করে নাশকতা হলেও তা কঠোর হাতে দমন করা হবে। আন্দোলন করুন সমস্যা নেই।
“কিন্তু আন্দোলনের নামে নাশকতা করা হলে, জনগণের যান-মালের নিরাপত্তায় সরকার যথাযথ ব্যবস্থা নেবে। কঠোর হাতে সেই নাশকতা দমন করবে।”
অনুষ্ঠানে জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেন এমপি, শিক্ষা সচিব নজরুল ইসলাম খান, জেলা পরিষদের প্রশাসক সাদেক কুরাইশী, পুলিশ সুপার আবদুর রহিম শাহ চৌধুরী।
সকালে জেলা প্রশাসন চত্বর থেকে মেলা উপলক্ষে একটি বণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
