পিরোজপুর জেলা কারাগারে দুই দিন ধরে বিদ্যুত্ নেই। এতে কারাবন্দি, কর্মকর্তা ও কারারক্ষীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
কারা সূত্রে জানা গেছে, গত ২৬ জানুয়ারি পুরানো কারাগার থেকে বন্দি নতুন কারাগারে নেওয়া হয়। সোমবার দুপুরে বৃষ্টি শুরু হলে কারাগারের বিদ্যুত্ সংযোগের তার অকেজো হয়ে সংযোগ বন্ধ হয়ে যায়। এরপর থেকে কারাগারে বিদ্যুত্ সরবরাহ বন্ধ রয়েছে। বিদ্যুত্ না থাকায় কারাগারে থাকা ৪৫০ জন বন্দি ও কারাগারের শতাধিক কর্মকর্তা-কর্মচারী ভোগান্তিতে রয়েছেন।
পিরোজপুর কারাগারের তত্ত্বাবধায়ক মো. শামীম ইকবাল বলেন, কারাগারে বিদ্যুত্ না থাকায় বন্দিদের শৌচাগার ব্যবহারে সমস্যা হচ্ছে। রান্নার কাজ করা যাচ্ছে না।
গণপূর্ত বিভাগ পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী বিশ্বনাথ বণিক বলেন, বিদ্যুত্ লাইনের ত্রুটি মেরামত করে সরবরাহ সচল করার চেষ্টা চলছে। অতি সম্প্রতি নতুন কারাগারে বিদ্যুত্ ব্যবস্থায় ত্রুটি দেখা দেয়ায় এখানে ব্যবহূত বৈদ্যুতিক সরঞ্জামাদির মান নিয়ে প্রশ্ন উঠেছে।
