পল্টনে মুদ্রা-স্বর্ণ: মোহাম্মদ আলী রিমান্ডে

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৪, ১৯:৩৮
রাজধানীর পল্টন এলাকা থেকে বস্তাভর্তি মুদ্রা ও স্বর্ণ উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত  মোহাম্মদ আলীকে শনিবার ৬ দিনের রিমান্ডে নিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় শুল্ক ও গোয়েন্দা বিভাগের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান বাদী হয়ে শুক্রবার গভীর রাতে পল্টন থানায় মামলা করেন। মামলায় মোহাম্মদ আলীসহ কয়েকজনকে সন্দেহজনক আসামি করা হয়েছে। 
মামলার এজাহারে বলা হয়েছে, মোহাম্মদ আলীর বাসা থেকে উদ্ধার করা হয় নগদ সাড়ে ৮ কোটি টাকা, ১৬ লাখ ১০ হাজার সৌদি রিয়াল ( বাংলাদেশি মুদ্রায় ৩ কোটি ২০ লাখ টাকা এবং স্বর্ণের পরিমাণ ৬১ কেজি ৫’শ গ্রাম( প্রতিটি বারের ওজন ১০ গ্রাম)। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ২৯/১ পল্টনস্থ মোহাম্মদ আলীর ফ্ল্যাট থেকে যৌথ অভিযান চালিয়ে এ মুদ্রা ও  স্বর্ণবার উদ্ধার করে শুল্ক ও গোয়েন্দা বিভাগ ও মহানগর গোয়েন্দা পুলিশ। কিন্তু উদ্ধারের পর শুক্রবার রাত ১১টা পর্যন্ত  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সিসিটিভি ক্যামেরা নিয়ন্ত্রিত কাস্টমস রুমে  মোহাম্মদ আলীর উপস্থিতে এ মুদ্রার গোনাবাছা শেষ হয়। 
মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার ( উত্তর) মাহফুজুর রহমান জানান, পল্টন থানায় দায়ের করা মামলাটির তদন্ত দায়িত্ব পেয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ। মামলা দায়েরের পরই শুক্রবার রাতে মোহাম্মদকে পল্টন থানা থেকে ডিবির হেফাজতে নেয়া হয়। শনিবার দুপুরে তাকে ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালত ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন।