জিহাদকে জীবিত উদ্ধারে সরকারি সংস্থার ব্যর্থতা তদন্ত চেয়ে রিট

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৪, ০১:২৮

শিশু জিহাদকে জীবিত উদ্ধারের ঘটনায় সরকারি সংস্থাগুলোর ব্যর্থতা তদন্তে উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। কমিটিতে জিহাদের মরদেহ উদ্ধারকারী স্বেচ্ছাসেবী লোকদেরকেও অন্তর্ভুক্ত করার আবেদন জানানো হয়েছে। আর ওই কমিটির সুপারিশের ভিত্তিতে জিহাদ উদ্ধারে গাফিলতিতে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চাওয়া হয়েছে। রিট আবেদনে জিহাদের পরিবারের জন্য আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা চাওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ মাইনুল হকের পক্ষে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল গতকাল রবিবার এই রিট দায়ের করেন।

রিট আবেদনে জিহাদের বাবাকে ১২ ঘণ্টা পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের ঘটনায় দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজি ও ডিএমপি কমিশনারকে নির্দেশ দিতে আদালতের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে। এছাড়া রাজধানীর যেসব এলাকায় ম্যানহোলের ঢাকনা নেই সেগুলো দ্রুত স্থাপনের জন্য ডিসিসি ও ওয়াসাকে নির্দেশ দিতে আবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রসঙ্গত গত শুক্রবার বিকালে রাজধানীর শাহজাহানপুর এলাকায় বাসার অদূরে রেলওয়ে মাঠের পাম্পের পাইপে পড়ে যায় জিহাদ। প্রায় ২৩ ঘণ্টা পর শনিবার বেলা তিনটার দিকে জিহাদকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গতকাল দৈনিক ইত্তেফাকসহ বিভিন্ন জাতীয় দৈনিকে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়। এসব প্রতিবেদনে জিহাদকে উদ্ধারে সরকারি সংস্থাগুলোর ব্যর্থতার চিত্র উঠে আসে। পাশাপাশি জিহাদের বাবাকে পুলিশ কর্তৃক আটকের ঘটনাও প্রকাশ পায়। কয়েকটি দৈনিকের প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনের ভিত্তিতে হাইকোর্টে এ রিট দায়ের করা হয়।
ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, রেলওয়ের শাহজাহানপুর কলোনীতে পরিত্যক্ত পানির পাম্পের মুখ খোলা থাকায় এ দুর্ঘটনা ঘটেছে। যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আগেই পাইপের মুখ বন্ধ করে দিতো তাহলে এ ধরনের নির্মম ঘটনার মুখোমুখি দেশবাসীকে হতে হতো না। এজন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে এই রিট দায়ের করেছি। অবকাশের পর এ আবেদনের ওপর শুনানি করা হবে।

এদিকে জিহাদের পরিবারকে ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে আরেকটি রিট আবেদন দায়ের করা হয়েছে। একইসঙ্গে জিহাদকে উদ্ধারকারী ৫ যুবককে রাষ্ট্রীয় সম্মাননা দিতে আবেদনে উল্লেখ করা হয়েছে। চিলড্রেন চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আব্দুল হালিম এ রিট দায়ের করেন। রিট আবেদনে গত ২ বছরে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স কি কি আধুনিক যন্ত্রপাতি কিনেছে তার একটি তালিকা আদালতে দাখিলের নির্দেশনা চাওয়া হয়েছে। এছাড়া সারাদেশে যেসব ম্যানহোলের ঢাকনা, স্যুয়ারেজ লাইন ও পানির পাম্পের মুখ অরক্ষিত অবস্থায় রয়েছে তার একটি তালিকা দাখিল করার জন্য সরকারি সংশ্লিষ্ট সংস্থার প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে আবেদনে। একইসঙ্গে জিহাদের পিতাকে আটকে পুলিশি হয়রানির ঘটনায় এক লাখ টাকা ক্ষতিপূরণ প্রদানের নির্দেশনা চাওয়া হয়।