আরচ্যারি হচ্ছে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে পদক আসবে। বাতাসের গতি, আবহাওয়া এবং আরচারের মানসিক অবস্থা সব কিছু একই দিনে ভালো দিকে যেতে হবে। তাহলে পদক পাওয়ার সম্ভাবনা। বাংলাদেশের আরচাররা এবার আইএসএসএফ আন্তর্জাতিক সলিডারিটি ওয়ার্ল্ড র্যাংকিং চ্যাম্পিয়নশিপে ভালো করতে পারেননি। শেষ দিনে দুটি সোনার পদক পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশের মুখ রক্ষা করেছেন চার নারী আরচার বন্যা আক্তার, দিয়া সিদ্দিকী, শ্যামলী রায় ও সুস্মিতা বনিক। রিকার্ভ নারী এককে দিয়া সিদ্দিকী সোনা জিতেছেন। ফাইনালে দিয়া ৬-৪ সেট পয়েন্টে হারিয়েছেন ইরানের শোজামেহরকে। দলগত নারী কম্পাউন্ড ইভেন্ট বন্যা আক্তার, সুস্মিতা বনিক ও শ্যামলী রায় সোনা জয় করতে ফাইনালে ২৩১-২২৮ পয়েন্টে হারিয়েছেন ভারতের আরচারদের। রিকার্ভ পুরুষ এককের ফাইনালে উঠে বাংলাদেশের রোমান সানা ৬-২ পয়েন্টে হেরেছেন থাইল্যান্ডের আরচারের কাছে। রিকার্ভ পুরুষ দলগত ফাইনালে বাংলার আরচার তামিমুল, রুবেল ও রোমান সানা ৫-১ পয়েন্টে হেরেছেন ভারতের কাছে।
গতকাল গাজীপুরের টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে ২ সোনার পদক ছাড়াও ৩টি রৌপ্য ও ৪টি ব্রোঞ্জ পেয়ে পদক তালিকায় দ্বিতীয় স্থানে ছিল বাংলাদেশ। প্রথম আসরে ১০টি, দ্বিতীয় আসরে ৫টি এবার ২টি সোনা পেয়েছে। ভরাডুবি হয়েছে বাংলাদেশের। চার দিনব্যাপী এই প্রতিযোগিতায় ২৫ দেশের আরচার অংশগ্রহণ করেছেন। ভারত ১০টি সোনা পেয়েছে।
