শিরোপা প্রত্যাশী লিভারপুল আজ রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে মাঠে নামতে যাচ্ছে। নিজেদের মাঠে ওয়াটফোর্ডকে আতিথ্য দেওয়ার আগে দলটির কোচ য়ুর্গেন ক্লপ ‘ভালো অবস্থান’ কে কাজে লাগানোর তাগিদ দিলেন দলকে। প্রতিযোগিতার অন্য ম্যাচে শিরোপাধারী ম্যানচেস্টার সিটি খেলবে ওয়েস্ট হ্যামের বিপক্ষে।
লিভারপুল আগের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে গোলশূন্য ড্র করে এক পয়েন্ট সংগ্রহ করে ম্যানচেস্টার সিটিকে টপকে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গিয়েছে লিভারপুল। ঘরের মাঠ অ্যানফিল্ডে তালিকার মধ্যম সারির দল ওয়াটফোর্ডের বিপক্ষে জয়ভিন্ন কোনো ফলাফল হলে আবারো শীর্ষস্থান হারাতে হতে পারে লিভারপুলকে। এমন ম্যাচের আগে এক পয়েন্টের ব্যবধানে শীর্ষে থাকাকে ‘ভালো অবস্থান’ বলে আখ্যা দিয়ে কোচ ক্লপ এর সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে চাইছেন। তিনি বলেন, ‘তালিকায় আমরা বেশ ভালো অবস্থানে আছি এবং এখন খেলার মাঠে তার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে আমাদের।’
এদিকে ২৭ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে লিভারপুল থেকে এক ধাপ পিছিয়ে থাকা ম্যানচেস্টার সিটি আজ রাতে খেলবে ওয়েস্ট হ্যামের বিপক্ষে। আগের ম্যাচেই চেলসিকে হারিয়ে ইএফএল কাপের শিরোপা ঘরে তোলা উজ্জীবিত সিটি আজও জয় নিয়ে লিভারপুলের উপরে চাপটা ধরে রাখতে চাইবে।
