কুমিল্লার নাঙ্গলকোটে গণপিটুনিতে মামুন নামের এক ডাকাত নিহত হয়েছে। সোমবার গভীর রাতে জেলার নাঙ্গলকোট উপজেলার ভোড়েরা গ্রামে ওই ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। নিহত মামুন ফেনীর দাগনভূঞা উপজেলার রঘুনাথপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার রাত ২টার দিকে ভোড়েরা গ্রামের শাহীন মিয়ার দোকানের সামনে ৭/৮ জন ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। শাহীন দোকান থেকে বের হয়ে ডাকাত বলে চিৎকার শুরু করলে গ্রামের মসজিদের মাইকেও ডাকাতদের বিষয়ে ঘোষণা দেয়া হয়। খবর পেয়ে গ্রামবাসী ধাওয়া করে মামুন (২৮)নামের এক ডাকাতকে আটক করে গণপিটুনি দেয়। এ সময় অন্যরা পালিয়ে যায়। মঙ্গলবার সকালে নাঙ্গলকোট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মামুনের মৃত্যু হয়। নাঙ্গলকোট থানার ওসি নজরুল ইসলাম জানান, ডাকাতির প্রস্তুতি ও গণপিটুনিতে নিহতের ঘটনায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে।
