সরকারি কর্মচারী হত্যায় ছয়জনের ফাঁসির আদেশ

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৪, ১৮:৩৩
রাজারবাগ পুলিশ লাইনের টেলিকম শাখার অফিস সহকারী গোলাম শামসুর হায়দার হত্যা মামলায় ছয়জনের ফাঁসি ও দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
ঢাকার দ্রুতবিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক শাহেদ নূর উদ্দিন মঙ্গলবার দুপুরে এ আদেশ দেন।
ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- পুলিশ টেলিকম শাখার হিসাবরক্ষক আবদুল লতিফ (পলাতক), অফিস সহকারী মোহাম্মদ হাফিজুর রহমান (পলাতক), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এসএএফ আনোয়ার হোসেন সরকার, মোহাম্মদ ওয়াসিম, মোহাম্মদ কাজল মিয়া,ও বাবুল ওরফে তপন চক্রবর্ত্তী। এছাড়া আদালত দুজনকে যাবজ্জীবন এবং এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও একবছর করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- শামসুল আলম ও রাজন (পলাতক)।
২০০৬ সালের ৬ সেপ্টেম্বর সকাল পৌনে ৯টার দিকে মতিঝিল থানার এজিবি কলোনিতে রাস্তার পাশে হায়দারকে জবাই করে হত্যা করা হয়।