এম এ আজিজ স্টেডিয়ামের ফ্লাট উইকেটের সুবিধা নিয়ে আগের দিন দারুণ ব্যাটিং ঝালাই করে নিয়েছে ক্যারিবিয়রা। গতকাল সেই সুযোগটা নিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যাটসম্যানরা। ভালো করে বললে বলতে হয়, সুযোগ নিলেন টেস্ট দলে ডাক পাওয়া দুই ওপেনার সৌম্য সরকার ও সাদমান ইসলাম। এই দু জনের দুটো সত্তর পার করা ইনিংসে ভর করে ৫ উইকেটে ২৩২ রান তোলে বিসিবি একাদশ। এরপর ম্যাচ ড্র বলে ঘোষণা করে দেওয়া হয়।
গতকাল সকালে আগের দিনের স্কোরেই ইনিংস ঘোষণা করে দেয় ক্যারিবিয়রা। জবাবে ব্যাট করতে নেমে দুই ওপেনার ৩৪.২ ওভার পর্যন্ত ব্যাট করে ফেলেন। ১২৬ রানের জুটি গড়েন সাদমান ও সৌম্য। দু জনের মধ্যে তুলনামূলক মারকুটে মেজাজে থাকা সৌম্য আউট হওয়ায় একটু জুটি ভাঙে। ওয়ারিকানের বলে ক্যাচ তুলে দেওয়ার আগে সৌম্য ১০৩ বলে ১০টি চার ও ৩টি ছক্কায় সাজানো ৭৮ রানের ইনিংস খেলেন। এরপর দ্রুত ২১ রানের একটা ইনিংস খেলে ফিরে আসেন সদ্যই টেস্ট দল থেকে বাদ পড়া আরেক বয়সভিত্তিক ক্রিকেট থেকে আসা তারকা নাজমুল হোসেন শান্ত। আর তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ফেরেন সাদমান।
গতকালই আউট হয়ে ফেরার পর জাতীয় দলে ডাক পাওয়ার খবর পেয়েছেন সাদমান। তার আগে খেলেছেন ৭৩ রানের ইনিংস। ১৬৯ বলে ১০টি চার ও একটি ছক্কায় সাজানো ছিলো সাদমানের এই ইনিংস।
সাদমান আউট হওয়ার পরই আসলে ম্যাচের আকর্ষণ শেষ হয়ে গেছে। যেহেতু মাত্র দুই দিনের ম্যাচ, তাই ড্র হওয়াটা ছিলো সময়ের ব্যাপার মাত্র। বিসিবি একাদশের হয়ে এরপর মোহাম্মদ মিঠুন করেন ২৭ রান। বেশিক্ষণ টিকেননি জাকির হাসান। গ্যাব্রিয়েলের বল ছেড়ে দিয়ে বোল্ড হয়ে যান এই বাঁহাতি কিপার ব্যাটসম্যান। টেস্ট দলে জায়গা হারানো লিটন দাসকে প্রস্তুতি ম্যাচে পরীক্ষা করা হয় মিডল অর্ডারে।
গ্যাব্রিয়েলের বল ছেড়ে দিয়ে বোল্ড হয়ে যান লিটনও। এর আগেও কয়েকবার ছেড়ে দিয়ে আউটের তেতো অভিজ্ঞতা আছে এই তরুণ ডানহাতি ব্যাটসম্যানের। বাকি সময়টা নিরাপদে কাটিয়ে দেন মিঠুন ও ফজলে মাহমুদ রাব্বি। একদমই ঝুঁকি না নেওয়া মিঠুন ১২২ মিনিট ক্রিজে থেকে ৭০ বল খেলে তিন চারে করেন ২৭ রান। ২৮ বল খেলে ২ রানে অপরাজিত থাকেন মাহমুদ।
নির্ধারিত সময়ের আধ ঘণ্টা আগে ড্র মেনে নেন দুই অধিনায়ক। সে সময় বিসিবি একাদশের স্কোর ছিল ২৩২/৫।
সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ-১ম ইনিংস: ৮৬.৩ ওভারে ৩০৩/৭ ডিক্লেয়ার
বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশ-১ম ইনিংস: ৭৫ ওভারে ২৩২/৫ (সৌম্য ৭৮, সাদমান ৭৩, মিঠুন ২৭, শান্ত ২১, জাকির ১৮; গ্যাব্রিয়েল ২/২৪, রোচ ১/১৮, ওয়ারিকান ১/৫১)।
