ঢাকা আর্ট সেন্টারের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কিবরিয়া ছাপচিত্র মেলা। একই দিনে বরেণ্য পথিকৃত্ শিল্পী মোহাম্মদ কিবরিয়ার ৮৬তম জন্মদিন। বরেণ্য এই শিল্পীর নামেই চতুর্থ বারের মতো এ ছাপচিত্র মেলার আয়োজন করা হচ্ছে। ছাপচিত্রের খ্যাতিমান এবং তরুণ ছাপচিত্রীদের কাজ নিয়ে দেশের সবগুলো বিশ্ববিদ্যালয় ও কলেজের চারুকলা বিভাগ এবং ছাপচিত্রের স্টুডিওসহ সর্বমোট ১৪টি প্রতিষ্ঠান এ মেলায় অংশগ্রহণ করবে। আজ বিকাল সাড়ে ৫টায় এ মেলার উদ্বোধন হবে।
এ উপলক্ষে ঢাকা আর্ট সেন্টারে বুধবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আগামী ৫ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন দুপুর ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত ঢাকা আর্ট সেন্টারে এ মেলা চলবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কিবরিয়া ছাপচিত্র মেলা উদ্যাপন কমিটির আহ্বায়ক শিল্পী অধ্যাপক আবুল বারক আলভী ও সদস্য সচিব শিল্পী রশীদ আমিন। ছাপচিত্র মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি থাকবেন শিল্প সংগ্রাহক দুর্জয় রহমান জয়। সভাপতিত্ব করবেন বরেণ্য শিল্পী রফিকুন নবী।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জাতীয়ভাবে আয়োজিত এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দেশের বরেণ্য ছাপচিত্রী শিল্পী মনিরুল ইসলামকে প্রদান করা হবে আজীবন সম্মাননা। এছাড়া প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত ৩ জন নবীণ ছাপচিত্রীকেও পুরস্কার প্রদান করা হবে। কিবরিয়া ছাপচিত্র মেলা উপলক্ষে এ বছর থেকে নবীন ছাপচিত্রীদের (অনুর্ধ্ব ৩৫) প্রতিযোগিতার মাধ্যমে পুরস্কৃত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ প্রতিযোগিতা আয়োজনে পৃষ্ঠপোষকতা করেছেন শিল্প সংগ্রাহক দুর্জয় রহমান জয়। কিবরিয়া ছাপচিত্র মেলা সম্পর্কে শিল্পী রশীদ আমিন বলেন, সবার মাঝে ছাপচিত্র ছড়িয়ে এ মেলার আয়োজন করা হয়েছে।
