আসুন, আমরা পরিকল্পিত বাড়ি ও রাস্তা গড়ি

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ২২:২০

বিপদের হাত-পা নেই। বিপদ যে কোনো সময় যে কারো হতে পারে। নিমতলীতে যখন আগুন লেগেছিল তখন হতাহতের সংখ্যা অনেক কম হতো—কিন্তু তা হয়নি অব্যবস্থাপনার কারণে। সরু রাস্তা যেখানে ফায়ার সার্ভিস বা অ্যাম্বুলেন্স চলাচল করতে পারছিল না ঠিকমতো। পরিকল্পিতভাবে সিঁড়ি তৈরি না করায় সেসব সিঁড়ি ব্যবহার ঝুঁকিপূর্ণ ছিল; যার কারণে লাশের বহর দেখতে হয়েছে আমাদের। নিমতলীর ঘটনা থেকে আমরা কোনো শিক্ষাই  নেইনি। ফলে চকবাজারের ঘটনায় আমাদের নিমতলীর চেয়ে বেশি লাশ দেখতে হচ্ছে, অসংখ্য মানুষের আহাজারি শুনতে হচ্ছে। চকবাজারেও এতোটা সরু রাস্তা যে দুটো গাড়ি পাশাপাশি চলাচল করতে পারে না। প্রায় বাসায় ক্যামিক্যাল গুদামজাত করা আছে, যা মহাবিপদ ডেকে এনেছে। আমাদের ভুলে আমরাই আজ মহাবিপদে। সরকার রাস্তা প্রশস্ত করতে চাইলে আমরা সামান্য জায়গা ছাড়তে রাজি হই না, পরিকল্পিত নকশা অনুযায়ী বাড়ি বানাতে বললে আমরা সেই সিদ্ধান্ত মানি না। না পেরে সরকার শক্তি প্রয়োগ করলে আমরা সরকারের ওপর ক্ষিপ্ত হই; আমাদের কারণে কখনো সরকারের মহান উদ্যোগও হোঁচট খায়। কিন্তু বিপদে পড়লে  আমরা সরকারকে ছেড়ে কথা বলি না। এমন মানসিকতা আমাদের বদলাতে হবে। নইলে দুর্ঘটনা আমাদের বারবার কাঁদাবে এবং আমরা আমাদের আপনজনদের হারাতে থাকবো। আসুন, আমরা পরিকল্পিত বাড়ি ও রাস্তা গড়ি। নিজেদের ঝুঁকিমুক্ত রাখার চেষ্টা করি।

আবদুল্লাহ মুহাম্মাদ যুবায়ের

বাসা ৫০/২, সড়ক ১১, কল্যাণপুর ঢাকা ১২০৭