দুর্গাপুরে কমরেড মনি সিংহ মেলা

আপডেট : ০১ জানুয়ারি ২০১৫, ০০:৪৫

ব্রিটিশ বিরোধী আন্দোলন, টংক আন্দোলনের অন্যতম নেতা, মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের উপদেষ্টা, কৃষক-শ্রমিক-মেহনতি মানুষের মুক্তি সংগ্রাম আন্দোলনের লড়াকু সৈনিক এবং বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি কমরেড মণি সিংহের ২৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার থেকে নেত্রকোনা জেলার দুর্গাপুরের টংক শহীদ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে শুরু হয়েছে সাতদিনব্যাপী মেলা।

জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে যৌথভাবে মণি মেলার শুভ উদ্বোধন করেন মেলা উদযাপন কমিটির আহ্বায়ক দুর্গা প্রসাদ তেওয়ারী ও মণি সিংহের একমাত্র সন্তান সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য ডাঃ দিবালোক সিংহ।

পরে কমরেড মণি সিংহের প্রতিকৃতিতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। বিকালে পৌর মেয়র শ ম জয়নাল আবেদীন-এর সভাপতিত্বে কমরেড মণি সিংহ-জীবন ও সংগ্রাম শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য কমরেড শাহ্ আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কমিটির সভাপতি ডাঃ সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক আলকাছ উদ্দিন মীর প্রমুখ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।