রাজধানীর বনানী এলাকায় গতকাল বুধবার দুপুরে টাকা ছিনিয়ে নেয়ার পর মারধর করে চলন্ত ট্রেন থেকে এক যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে তিন ছিনতাইকারী। এ ঘটনায় ওই যাত্রীর ডান পায়ের গোড়ালির নিচ থেকে এবং বাম পায়ের পাঁচটি আঙুলসহ পাতার সামনের কিছু অংশ আলাদা হয়ে গেছে। ওই যাত্রীর নাম নাজমুল হোসেন (৩০)। তিনি কমলাপুরে একটি দরজির দোকানে কাজ করেন। থাকেন টঙ্গীতে। ট্রেনে চড়ে রাজধানীর কমলাপুর থেকে টঙ্গী যাচ্ছিলেন নাজমুল।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার সময় নাজমুল জানান, ট্রেনে তিন ছিনতাইকারী তাকে মারধর করে ছয় হাজার টাকা ছিনিয়ে নেয়। তিনি চিত্কার করার চেষ্টা করলে ছিনতাইকারীরা তাকে ধাক্কা দিয়ে ট্রেন থেকে ফেলে দেয়। বনানীর চেয়ারম্যানবাড়ি এলাকা থেকে নাজমুলকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান শহিদুল নামের এক পথচারী।
