জামায়াতের ডাকা বৃহস্পতিবারের হরতালে ঢাকার গাবতলীতে একটি বাসে পেট্রোল বোমা ছুড়েছে হরতালকারীরা সমথর্করা। এছাড়া ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
দারুস সালাম থানা সূত্রে জানা গেছে, সকালে হরতালের সমর্থনে একটি ঝটিকা মিছিল বের করে হরতাল সমর্থকরা। এসময় বাস টার্মিনালের সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি খালি বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করে তারা। এতে বাসটিতে আগুন ধরে যায়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
পুলিশ আরো জানায়, পেট্রোল বোমা নিক্ষেপ করা ছাড়াও পাঁচ-ছয়টি ককটেলও বিস্ফোরণ করা হয়। পরে রাস্তার পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় আরো তিনটি পেট্রোল বোমা উদ্ধার করা হয়।
