ছাত্ররাজনীতির আমেজ ও আদর্শিক ধারাকে সমুন্নত রাখতে ছাত্র সংসদ নির্বাচন খুবই জরুরি। বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার জন্য ছাত্র সংসদ নির্বাচন অন্যতম প্রধান শর্ত। বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা সকলকে সুযোগ দিয়েছে সিনেটে গিয়ে তার সমস্যার কথা বলার, অধিকারের কথা বলার। শিক্ষার্থীরা তাদের অধিকারের কথা বলবে ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে। হলগুলোতে হল সংসদের নির্বাচিত নেতারা সহযোগিতা নিয়ে প্রশাসন হলের সিট বণ্টন ও অন্যান্য সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করবেন। কিন্তু ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে শিক্ষার্থীদের সবচেয়ে বড় অধিকারের জায়গাটি কেড়ে নেওয়া হয়েছে। তাদের সমস্যা ও চিন্তা-ভাবনার কথা বলার কোনো ফোরাম নেই—ফলে সন্ত্রাস ও চাঁদাবাজি কেন্দ্রিক নেতৃত্ব গড়ে উঠছে। ছাত্র সংসদের মূল উদ্দেশ্য হলো নেতৃত্বের বিকাশ, বিশ্ববিদ্যালয়ে খেলাধুলা ও সংস্কৃতিক কর্মকাণ্ডের বিকাশ, ছাত্রদের অধিকার নিয়ে কথা বলা সর্বোপরি বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা। তাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন চাই অচিরেই।
মোহাম্মদ দিদার
সাধারণ সমপাদক, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা
