বিএনপি চেয়ারপারসনের সংলাপের আহ্বান নাকচ করে দিয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘বিএনপির সাথে সংলাপের কোনো প্রশ্নই ওঠে না। নির্বাচন কমিশন ছাড়া কারো সঙ্গে কোন সংলাপ হবে না।’
বৃহস্পতিবার বিকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মোহাম্মদ নাসিম বলেন, খালেদা জিয়ার উত্থাপিত ৭ দফার আমাদের কাছে কোনো গুরুত্ব নেই।
সাংবাদিক সম্মেলনে খালেদা জিয়ার দেয়া বক্তব্যের সমালোচনা করে মোহাম্মদ নাসিম আরো বলেন, তার বক্তব্য আমার কাছে মনে হচ্ছে উনি ২০১৩ সালের বক্তব্য দিচ্ছেন। ২০১৩ সালে সংলাপের প্রয়োজন ছিল এতে কোনো সন্দেহ নেই। শেখ হাসিনা আপনাকে প্রকাশ্যে সংলাপের আহ্বান জানিয়েছিল। এটা বাংলার মানুষ জানে। আর আপনি খালেদা জিয়া সেদিন সংলাপের আহ্বানে সাড়া দেননি। উল্টো মানুষ পুড়িয়ে মারলেন, গাড়ি জ্বালিয়ে দেয়া শুরু করেছিলেন।
বিএনপি নেত্রীর উদ্দেশে মোহাম্মদ নাসিম বলেন, আন্দোলেন নামে অনেক নাটক করেছেন, দয়া করে ক্ষান্ত হন। আগামী ৫ জানুয়ারি গণতন্ত্রের বিজয় দিবস পালনে মহানগরীর সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে রাজপথে বিএনপি-জামায়াত জোটের সকল ষড়যন্ত্র মোকাবেলারও আহ্বান জানান মোহাম্মদ নাসিম।
