পুরান ঢাকার শ্যামবাজার এলাকায় বেলুনে গ্যাস ভরানোর সময় সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ফরিদুজ্জামান (৩৫) নামে এক যুবকের বাম হাতের কব্জি উড়ে গেছে।শুক্রবার সকালের এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। তাদের দুজনকেই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
বিস্ফোরণে আহত আবদুর রশিদ হাসপাতালে জানান, তিনি ও ফরিদ একটি অনুষ্ঠানের জন্য ৫০০ বেলুনে গ্যাস ভরানোর কাজ পান। এ কাজ করার জন্য ঠিকাদার সিরাজুল ইসলাম সকালে তাদের শ্যামবাজারে বুড়িগঙ্গার মসজিদ ঘাট সংলগ্ন এলাকায় নিয়ে যান। সকাল সোয় ৯টা পর্যন্ত তারা প্রায় ৩০০ বেলুনে গ্যাস ভরে ফেলেন। এ সময় ছোট দু’টি সিলিন্ডারের গ্যাস ফুরিয়ে যায়। তখন তারা নিজস্ব পদ্ধতিতে গ্যাস তৈরির জন্য অ্যালুমিনিয়ামের গুঁড়া ও অন্যান্য রাসায়নিক উপাদান সিলিন্ডারের ভিতর ঢোকান। সিলিন্ডারটির মুখ বন্ধ করার সময় হঠাৎ তা বিস্ফোরিত হয়। এতে ফরিদের বাম হাতের কব্জি উড়ে যায়। বাম পায়েও জখম হয়। এ ঘটনায় আবদুল রশিদ সামান্য আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে ফরিদকে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান রশিদ।
ফরিদুজ্জামান মোহাম্মদপুরের বিজলি মহল্লায় থাকেন। তার গ্রামের বাড়ি নওগাঁর রানীনগরের মধ্য রাজাপুরে।
