সিলেটে কামরানকে লক্ষ্য করে ককটেল

আপডেট : ০২ জানুয়ারি ২০১৫, ১৯:৫১


সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটায় শুক্রবার বিকালে। এতে তার বা তার গাড়ির কোন ক্ষতি হয়নি। নগরীর পাঠানটুলার একটি কমিউনিটি সেন্টার থেকে বিয়ের অনুষ্টান শেষে কামরান বাসায় ফিরছিলেন। এ সময়  হাতবোমার বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। আতঙ্ক ছড়ানোর জন্য ছাত্রদলের মিছিল থেকে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে পুলিশ দাবি করেছে। ককটেলটি কামরানের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছিল কি-না তা তদন্ত করে দেখা হচ্ছে বলে পুলিশ জানায়।
সাবেক মেয়র কামরান জানিয়েছেন সানরাইজ কমিউনিটি সেন্টারে একটি বিয়ের অনুষ্ঠান শেষে তিনি আম্বরখানার দিকে ফিরছিলেন। পাঠানটুলা পয়েন্টে আসার পর তার গাড়ি লক্ষ্য করে কয়েকজন যুবক ককটেল হামলা চালায়। তবে ককটেলটি তার গাড়িতে না পড়ে পাশে রাস্তায় বিস্ফোরিত হয়। হামলার পর যুবকরা তারপুর চা-বাগানের রাস্তা দিয়ে পালিয়ে যায়। পরে তিনি ভিন্ন পথে বাড়ি ফিরে যান।
কামরান জানান, এর আগেও একাধিকার তাকে লক্ষ্য করে বোমা ও গ্রেনেড হামলা হয়েছে। কিন্তু আল্লাহ পাক বার বার তাকে প্রাণে রক্ষা করছেন।
এ ব্যাপারে জালালাবাদ থানার ওসি আখতার হোসেন জানান, দলের নেতাদের উপর থেকে মামলা প্রত্যাহারের দাবিতে পাঠানটুলা থেকে ছাত্রদল নেতাকর্মীরা মিছিল বের করে। ঐ মিছিল থেকে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এদিকে এ ঘটনার পর এলাকাবাসীর পক্ষে এই হামলার নিন্দা ও দোষীদের গ্রেফতারের দাবিতে সন্ধ্যায় মিছিল বের হয়।