কুমিল্লার মুরাদনগরে স্বামীকে হত্যা করে আত্মহত্যা বলে চালানোর অভিযোগে স্ত্রীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোর ৫টায় নবীপুর পশ্চিম ইউনিয়নের পৈয়াপাথর এলাকার খলিলুর রহমানের বাসায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে মুরাদনগর থানার এসআই শওকতের নেতৃত্বে একদল পুলিশ মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং স্বামী সুমনকে (৩২) হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে স্ত্রী তিশা আক্তার (২৬) কে আটক করে।
মৃত সুমন উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের মৃত মরম আলী ড্রাইভারের ছেলে। আটক স্ত্রী তিশা আক্তার উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের পৈয়াপাথর গ্রামের মাহফুজ মিয়ার মেয়ে।
নিহতের বোন পারভীন আক্তার বলেন, স্ত্রী তিশার পরকিয়ার জেরেই আমার ভাই সুমনকে হত্যা করা হয়েছে।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মনজুর আলম বলেন, প্ররোচিত হয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সুমনের ভাই ফারুক বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর রহস্য নিশ্চিত হওয়া যাবে।
