রাজধানীতে দুই শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শিশু দুটিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিত্সা দেয়া হচ্ছে।
শুক্রবার সকাল ৯টায় খিলগাঁও পূর্ব গোড়ানের একটি বাসায় সাড়ে চার বছরের এক শিশু ধর্ষণের শিকার হয় বলে অভিযোগ ওঠে। ঐ শিশু বাড়ির পাশে ভাড়াটিয়া আমিনুল ইসলামের (৫০) ঘরে গেলে ধর্ষণের শিকার হয়। দুপুরে শিশুটিকে হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়।
খিলগাঁও থানার পরিদর্শক (তদন্ত) সিদ্দিকুর রহমান জানান, এ ঘটনায় আমিনুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে।
গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে পশ্চিম রামপুরা ওয়াপদা রোডে তিন বছরের একটি শিশু ধর্ষণের শিকার হয়। শিশুটির খালা জানান, রাতে শিশুটির মা তাকে ঘরে রেখে রান্না করতে যায়। কিছুক্ষণ পর শিশুটি চিত্কার দিয়ে ওঠে। এ সময় ঘরে গেলে শিশুটি কাঁদতে কাঁদতে পাশের বাসার ভাড়াটিয়া রবিউলের (১৮) নাম বলে। এক পর্যায়ে রবিউল বাসা থেকে পালিয়ে যায়। পরে আত্মীয়-স্বজনরা এলে শিশুটিকে হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়। রামপুরা থানার পরিদর্শক (তদন্ত) আলমগীর ভূঞা জানান, শিশু ধর্ষণের অভিযোগ তিনি শুনেছেন। এ ঘটনায় মামলা হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
