রাজশাহীতে আওয়ামী লীগের দু’পক্ষেরউত্তেজনা, দোকানে হামলা ভাঙচুর

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৩১

রাজশাহী মহানগরীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মোল্লা মটরস নামের একটি দোকানে হামলা ও ভাঙচুর করা হয়েছে। এ নিয়ে স্থানীয় আওয়ামী লীগের বিবাদমান দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার পর পাল্টাপাল্টি অবস্থান নিয়ে উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। খবর পেয়ে সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ঘটনাস্থলে যান। মেয়রের মধ্যস্থতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল মঙ্গলবার মোল্লা অটো মটরসের দোকানে স্থানীয় আওয়ামী লীগ নেতার সমর্থকরা হামলা ও ভাঙচুর চালায়। এসময় দোকান মালিক আরেক আওয়ামী লীগ নেতার সমর্থকরা তাদের প্রতিরোধ করলে দু’পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বোয়ালিয়া জোনের সহকারী কমিশনার (এসি) একরামুল হক এবং বোয়ালিয়া মডেল থানার ওসি আমান উল্লাহ। তারপরও উত্তেজনা বাড়তে থাকলে ঘটনাস্থলে যান সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। তিনি উভয়পক্ষকে নিয়ে সমঝোতায় বসার কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করেন।

রাণীবাজার এলাকার মোল্লা মটরসের মালিক ও নগরীর ১২ নং ওয়ার্ড আ্ওয়ামী লীগের সভাপতি আহসান হাবিব হাসান অভিযোগে বলেন, পূর্ব একটি বিষয় নিয়ে গতকাল আওয়ামী লীগের বোয়ালিয়া থানার (পূর্ব) সভাপতি আতিকুর রহমান কালুর লোকজন তাঁর দোকানে হামলা ও ভাঙচুর চালায়।

বোয়ালিয়া থানার ওসি আমান উল্লাহ বলেন, কয়েকদিন আগে গণকপাড়ায় বল কেনা নিয়ে দুই যুবকের হাতাহাতি হয়েছিল। এ নিয়ে সকালে মোল্লা অটোর সামনে দু’পক্ষের কথা কাটাকাটি হয়। এনিয়ে দুপুরে মোল্লা অটোতে হামলা ও ভাঙচুর হলে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। আগামী শুক্রবার মেয়র দু’পক্ষকে নিয়ে মিমাংসা করবেন।