চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ড বৈদ্যুতিক কোনও কারণে হয়নি বলে ঢাকা বিদ্যুত্ বিতরণ কোম্পানির (ডিপিডিসি) তদন্ত প্রতিবেদনে জানানো হয়েছে। এ ছাড়াও পুরান ঢাকার রাস্তায় বৈদ্যুতিক লাইনের নিরাপত্তার জন্য ইনসুলেটেড তার স্থাপন এবং কোনও কোনও জায়গায় মাটির নিচে তার প্রতিস্থাপনের সুপারিশ করা হয়েছে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় ডিপিডিসির প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও জানানো হয়।
তদন্ত প্রতিবেদনে দুর্ঘটনার বিষয়ে বলা হয়, সরেজমিনে এলাকা পরিদর্শন করে নিশ্চিত হওয়া গেছে যে- চুড়িহাট্টা মোড়ে অগ্নিদগ্ধ ভবনের সামনে তিনটি বৈদ্যুতিক খুঁটি ও খুঁটিতে অবস্থিত এলটি তার ও ১১ কেভি অ্যারিয়াল ক্যাবল ক্ষতিগ্রস্ত হয়। পাশের এলাকায় অবস্থিত তিনটি ট্রান্সফারমার অগ্নিদগ্ধ হয়নি এবং ভালো অবস্থায় পাওয়া গেছে, যা চালু করার উপযোগী অবস্থায় আছে। ক্ষতির বিষয়ে আরও বলা হয়, আগুনের কারণে ডিপিডিসির তিনটি বৈদ্যুতিক খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ডিপিডিসির পরিচালক (অপারেশন) হারুন অর রশিদ গতকাল বলেন, ‘আমাদের বেশির ভাগ তারই নরমাল অর্থাত্ বাড়তি কোনও আবরণ থাকে না। ইনসুলেটেড তার হচ্ছে এক ধরনের আবরণযুক্ত তার, যেটি আরও বেশি নিরাপদ। তাই পুরান ঢাকার সরু গলির কথা চিন্তা করেই তদন্ত কমিটির পক্ষ থেকে এই সুপারিশ করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘এই তার সাধারণত পাওয়া যায় না। আমরা বেসরকারি কোম্পানিগুলোর সঙ্গে যোগাযোগ শুরু করেছি।’ পুরান ঢাকার বিষয়ে আলাদা একটি প্রকল্প নেওয়ার চিন্তা করা হচ্ছে বলেও জানান তিনি।
