‘সোনার বাংলা গড়তে বঙ্গবন্ধুর আদর্শ জানত হবে’

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৫, ১৭:৪০


এমিরেটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে।
তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে আত্মপরিচয়ের স্বপ্ন দেখিয়েছেন। স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছেন। তিনি স্বপ্ন বাস্তবায়নে গোটা জাতিকে উদ্বুদ্ধ করেছেন। আমরা মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়েছি। তিনি একটি অসাম্প্রদায়িক, বৈষম্যহীন ও গণতান্ত্রিক সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন। তার সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে তাঁকে জানতে হবে। তার আদর্শকে জানতে হবে।
শনিবার শিল্পকলা একাডেমিতে ‘বৃত্তান্ত ৭১’ আয়োজিত রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্বনন্দিত চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমদ।
অধ্যাপক আনিসুজ্জামান বলেন, আজ অনেকেই বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে প্রশ্ন তুলতে চান, তারা ইতিহাসকে অস্বীকার করতে চান। কিন্তু বঙ্গবন্ধু সারা জীবন নিজে কষ্ট স্বীকার করে এদেশের মানুষ ও স্বাধীনতার জন্য কাজ করে গেছেন। তিনি দুঃখী মানুষের পাশে থেকেছেন। তাই তাঁর আদর্শে বাংলাদেশ গড়তে হলে তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ইতিহাসকে বিকৃতির হাত থেকে রক্ষা করতে হবে।
তিনি বলেন, বঙ্গবন্ধু আমাদেরকে একটি স্বাধীন দেশ দিয়ে গেছেন। তিনি কোনদিন অন্যায়ের কাছে মাথা নত করেননি। তাই তাঁর আদর্শে উজ্জীবীত হয়ে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের দেশ গড়ার দায়িত্ব পালন করতে হবে। একটি অসাম্প্রদায়িক, বৈষম্যহীন , গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে তাঁর সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হবে।
শিল্পী শাহাবুদ্দিন আহমদ বলেন, বঙ্গবন্ধু এ দেশ ও দেশের মানুষের জন্য সমগ্র জীবন উৎসর্গ করেছেন। তিনি ছিলেন আমাদের কাছে বটগাছের মতো। আজ যারা তাঁর অবদানকে অস্বীকার করে তারা বাঙালি জাতির ইতিহাসকে অস্বীকার করে। তাই সঠিক ইতিহাস চর্চ্চার মধ্যে দিয়ে তরুণ প্রজন্মকে সামনের দিকে এগিয়ে যেতে হবে।