‌'অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করলে কঠোর হাতে দমন'

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৫, ১৮:৩৫
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি-জামায়াত কোনো অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করলে তা কঠোর হাতে দমন করা হবে। আর কোন অরাজকতা সহ্য করা হবে না। আওয়ামী লীগ  নির্বাচন করেছে। আর বিএনপি নির্বাচন বর্জন করে নিজেদের ক্ষতি নিজেরাই করেছে।
শনিবার সিরাজগঞ্জ শহরে পৃথক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুপুরে সিরাজগঞ্জ সরকারি কলেজ অডিটোরিয়ামে বাল্য বিয়ের প্রতিরোধের গুরুত্ব, শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা, সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদের নব-নির্মিত ভবন উদ্বোধন এবং সন্ধ্যায় সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল এন্ড কলেজ মাঠে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করেন। 
নাসিম বলেন, রাজনীতিতে সময় আর সুযোগ কারো জন্য অপেক্ষা করে না। সঠিক সময়ে সঠিক কাজ না করলে অনেক বেশি মূল্য দিতে হয়। আবেগের বশবর্তী হয়ে নির্বাচন না করে বেগম খালেদা জিয়া এখন সময়ের কাছে হেরে গেছেন।  তাই এখন আর আফসোস করে কোন লাভ হবে না। তাকে ২০১৯ সালের সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে। বড় রাজনৈতিক ভুলের জন্য অনেক বড় খেশারত দিতে হয়। আর এটাই হলো এখন বিএনপির করুন বাস্তবতা। দেশের গণতন্ত্র রক্ষায় ৫ জানুয়ারির নির্বাচন ছিল এ দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি সঠিক সময়োপযোগী বাস্তবতা। টেকসই গণতন্ত্র এবং রাজনৈতিক  স্থীতিশীলতা না থাকলে দেশের উন্নয়ন পিছিয়ে পড়ে। তাই সাংবিধানিক সংকট এড়াতে এবং যে কোন অপশাসনের হাত থেকে দেশ বাঁচাতে গণতন্ত্র রক্ষার  জন্যই নির্বাচন করা হয়েছে।  তাই ৫ জানুয়ারি বর্তমান সরকারের বর্ষপূতির্তে আওয়ামী লীগসহ ১৪ দল উৎসবমুখর পরিবেশে এ দিনটি পালন করবে। এটা হবে গণতন্ত্র রক্ষা দিবস।  বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জীবনের ঝুঁকি নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক সকল ষড়যন্ত্র ব্যর্থ করে দেশে একটি নির্বাচন করে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিয়েছেন।