বিশ্বজুড়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনাগুলোতে বিচারহীনতার প্রবণতা বন্ধে জাতিসংঘ ও এর সদস্য রাষ্ট্রগুলোকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান করা হয়েছে। জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের চলমান অধিবেশনের সাইড লাইনে আয়োজিত এক অনুষ্ঠানে বিভিন্ন দেশের সাংবাদিক, মানবাধিকার কর্মী ও সরকারের প্রতিনিধিরা এ আহ্বান জানান। গত সোমবার মানবাধিকার পরিষদের অধিবেশনের প্রথম দিনে মত প্রকাশের স্বাধীনতা বিষয়ক আন্তর্জাতিক সংগঠন আর্টিকেল নাইনটিন এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে জানানো হয়, ২০১৮ সালে বিশ্বজুড়ে ৯৭ জন সাংবাদিক হত্যার শিকার হয়েছেন। আলোচিত হত্যাকাণ্ডগুলোর মধ্যে ৮৯ শতাংশ ক্ষেত্রে কোনো বিচার হয়নি।
যুক্তরাজ্যের জেনেভাস্থ জাতিসংঘের স্থায়ী মিশন এতে সহযোগিতা করে। বাংলাদেশ, ব্রাজিল, মাল্টা এবং তুরস্কের সাংবাদিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা এতে বিশ্বজুড়ে গণমাধ্যমের স্বাধীনতা পরিস্থিতির অবনতি নিয়ে আলোচনা করেন।
আর্টিকেল নাইনটিন’র নির্বাহী পরিচালক টমাস হিউজ বলেন, সাংবাদিকদের নিরাপত্তার বিষয়ে ২০১৭ সালে জাতিসংঘে গৃহীত প্রস্তাবে দৃঢ় প্রতিশ্রুতি রয়েছে। কিন্তু প্রতিশ্রুতির বাস্তবায়নে সদস্য রাষ্ট্রগুলোর তরফে আরও অনেক কিছু করা দরকার। অনুষ্ঠানে যুক্তরাজ্যের কমনওয়েলথ বিষয়ক প্রতিমন্ত্রী তারিক আহমদ, তুরস্কের খ্যাতিমান ফ্রিল্যান্স সাংবাদিক পেলিন উনকার, মাল্টার ফ্রিল্যান্স সাংবাদিক এন্ডরু কারুআনা, আর্টিকেল নাইনটিনের সুরক্ষা কর্মসূচির সমন্বয়ক থিয়াগো ফিরবিদা প্রমুখ বক্তব্য রাখেন। —প্রেস বিজ্ঞপ্তি
