জাতীয় পার্টির (জেপি) সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহীদুল ইসলাম ছাত্র-ছাত্রীদের কেবলমাত্র পরীক্ষায় পাসের দিকে মনযোগী না হয়ে জ্ঞান অর্জনের দিকে মনযোগী হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, আজকে যারা তরুণ-তরুণী তারাই আগামী দিনের নেতৃত্ব গ্রহণ করবে। সেজন্য তাদের কেবলমাত্র সার্টিফিকেটধারী হলেই হবে না, তাদের আলোকিত মানুষ হতে হবে। তিনি শিক্ষার্থীদের নিজেদের জ্ঞানের চক্ষুকে উন্মোচিত করার জন্য আলোর দিকে যাত্রার আহ্বান জানান। গতকাল মঙ্গলবার সকালে রংপুর শহরে মাহিগঞ্জে আফানুল্লাহ উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও বার্ষিক পুরস্কার বিতরণে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুর সিটি করপোরেশনের মেয়র মো. মোস্তাফিজুর রহমান।
শতবর্ষি এই শিক্ষা প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুর রহমান বাবুর সভাপতিত্বে এই অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রবীণ শিক্ষাবিদ মোঃ সিরাজুল হক লস্কর, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, বিশিষ্ট শিল্পপতি ও সমাজকর্মী আলহাজ কাওসার জামান বাবলা প্রমুখ
শেখ শহীদুল ইসলাম মাহিগঞ্জের আফানুল্লাহ উচ্চ বিদ্যালয় ছাড়াও মাহিগঞ্জ কলেজ পরিদর্শনে যান এবং সেখানে পৌঁছালে কলেজের অধ্যক্ষ ও শিক্ষকরা তাকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। এছাড়া শেখ শহীদুল ইসলাম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. নাজমুল আহসান কলিমুল্লাকে নিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন। তিনি ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজও পরিদর্শন এবং তাজহাট জমিদার বাড়ি ও যাদুঘর ঘুরে দেখেন।-প্রেস বিজ্ঞপ্তি
